সিল্কসিটিনিউজ ডেস্ক :
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের উপজেলার বাংড়া কালিমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে লিমন (১৪) এবং সোলাইমানের ছেলে সায়মন (১৪)। তারা মোটরসাইকেলের আরোহী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে বাংড়া কালিমন্দির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে লিমনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সায়মন মারা যায়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।










