সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ তথা শেষ রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন। আজ টস জিতে সাউথ জোনকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান ওয়ালটনের অধিনায়ক মোশাররফ হোসেন। শুরুতে ব্যাট করে প্রথম দিন শেষে সাউথ জোনের সংগ্রহ ২ উইকেটে ৩২৫ রান।

প্রতিপক্ষের আমন্ত্রনে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছে সাউথ জোনের। দলীয় ৮৮ রানের মাথায় ওপেনার ফজলে মাহমুদ (৩৯) ফিরলেও আরেক ওপেনার ইমরুল কায়েস পান হাফ সেঞ্চুরির দেখা। ব্যক্তিগত ৫৭ রানের সময় ইমরুলকে বোল্ড করে সাজঘরে পাঠান ওয়ালটনের বোলার শুভাগত হোম। এরআগে রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়ে ফজলে মাহমুদকে ফেরান ওয়ালটনের আরেক বোলার মোশাররফ হোসেন।

দলীয় ১১২ রানের সময় দ্বিতীয় উইকেটের পর প্রথম দিনে আর পিছু তাকাতে হয়নি সাউথ জোনকে। ওয়ানডাউনে নামা মোহাম্মদ মিথুন পান সেঞ্চুরির দেখা। তার সঙ্গে প্রথম দিনের শেষপর্যণ্ত ২১৩ রানের অপ্রতিরোধ্য জুটি গড়তে সেঞ্চুরির দেখা পান তুষার ইমরানও।
দিনশেষে ১২৭ রানে অপরাজিত রয়েছেন মিথুন। ১৭৯বল মোকাবেলায় দুর্দান্ত এ ইনিংস খেলার পথে ১৩টি চার ও ৩টি ছক্কা হাঁকান মিথুন। অন্যদিকে অপরাজিত থাকা তুষার ইমরান সেঞ্চুরি পূরন করতে ১৫৫ বল খেলেন। তার ১০১ রানের ইনিংসটি ৯টি চারের সাহায্যে সাজানো।
বিসিএলের অপর ম্যাচে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে ব্যাট করতে নেমে ভালো অবস্থানে রয়েছে বিসিবি নর্থ জোন।প্রথম দিন শেষে আজ নর্থ জোনের সংগ্রহ ৫ উইকেটে ৩০৫। ফতুল্লায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দলটি। নর্থ জোনের হয়ে ফরহাদ হোসেনের ১০৮ রানের পাশাপাশি জুনায়েদে সিদ্দীক ৮৪ এবং নাসির হোসেন ৪০ রানে আউট হয়েছেন।

ওয়ালটনের বিপক্ষে এই রাউন্ডে জিতলে শিরোপা জয়ের সুযোগ রয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোনের। সেক্ষেত্রে শেষ রাউন্ডে ইস্ট জোনের কাছে হারতে হবে বিসিবি নর্থ জোনকে। অন্যদিকে ওয়ালটনের বিপক্ষে বড় জয় পেতে হবে প্রাইম ব্যাংক সাউথ জোনকে।
৫ ম্যাচের ২টিতে জিতে ও ৩টিতে ড্র করে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বিসিবি নর্থ জোন। সমান সংখ্যক ম্যাচের ১টিতে জিতে ও ৪টিতে ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন।
৫ ম্যাচের ১টিতে জিতে, ২টিতে ড্র করে ও ২টিতে হেরে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। আর ১টিতে জিতে, ৩টিতে হেরে ও ১টিতে ড্র করে ৯ পয়েন্ট নিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোন রয়েছে চতুর্থ স্থানে।
সূত্র: রাইজিংবিডি










