সিল্কসিটিনিউজ ডেস্ক:
মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হলে স্বাধীনতাবিরোধীদের সংগঠন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বক্তারা।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে সভায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাক ড. এ কে আজাদ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের নেতা মাহবুব উদ্দিন বীরবিক্রম, অ্যাডভোকেট দিদার আলী, শহীদ বুদ্ধিজীবীর সন্তান শাহীন রেজা নূর ও শমী কায়সার বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, একাত্তরে শহীদ বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি কার্যকর করেছে সরকার। এর মধ্য দিয়ে জাতি কিছুটা কলঙ্কমুক্ত হয়েছে। কিন্তু এর মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব নয়। দেশ-বিদেশে তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে স্থপতি ইয়াফেস ওসমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। এখন তাঁর মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হয়ে রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বাংলাদেশকে রাজাকারমুক্ত করতে হবে।
এস এ মালেক বলেন, স্বাধীন বাংলাদেশ বলতে শুধুমাত্র জাতীয় সংগীত ও পতাকার পরিবর্তন বোঝায় না। স্বাধীন বাংলাদেশ বলতে বোঝায় স্বৈরতন্ত্রের বিপরীতে গণতন্ত্র। সাম্প্রদায়িকতার বিপরীতে অসাম্প্রদায়িকতা। ধর্মভিত্তিক রাজনীতির বিপরীতে ধর্মনিরপেক্ষতা। অর্থনৈতিক বৈষম্যের বিপরীতে সামাজিক ন্যায়বিচার। তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশ যতদিন ওই সব মূল্যবোধের ভিত্তি প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের মহান মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ রয়ে যাবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব সার্থক হবে না। আমরা মুক্তিযুদ্ধের কথা প্রায় ভুলে গেলেও স্বাধীনতার শত্রুরা কিন্তু তাদের যুদ্ধ অব্যাহত রেখেছে। দেশকে বিপরীতমুখী করার সকল প্রয়াস নিরন্তন চালিয়ে যাচ্ছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’











