জাতীয়

জামালপুর নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদার বদলির আদেশ প্রত্যাহার এবং অন্য নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জের যোগদান ঠেকানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।

এতে ক্লাস ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ হয়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, গত সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক আদেশে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদাকে শেরপুর নার্সিং ইনস্টিটিউটে এবং শেরপুর নার্সিং ইনস্টিটিউটে নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মাকসুদা ইয়াসমিনকে জামালপুরে বদলি করা হয়। এ আদেশের প্রতিবাদে সোমবার রাত থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে তাঁরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন।

‘
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, মাকসুদা ইয়াসমিন শেরপুরে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। তার আচরণও শিক্ষার্থীবান্ধব নয়। এ কারণে তাকে জামালপুর কলেজে মেনে নিতে রাজি নন তারা।

শিক্ষার্থী জোনাকি জান্নাত বলেন,‘শেরপুরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় আমরা মাকসুদা ইয়াসমিনকে আমাদের কলেজে দেখতে চাই না।

দুর্নীতিবাজ কাউকে আমরা কলেজে ঢুকতে দেব না। আমাদের ইন্সট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদার বদলি প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
শিক্ষার্থী তুলি বলেন, ‘শাহজাদী মাহমুদার বদলি প্রত্যাহারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা ঢাকায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সামনেও আন্দোলন করছেন।’

এ নিয়ে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদা বলেন, ‘শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টরকে বদলির দাবিতে শেরপুরে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন।

হঠাৎ তাকে জামালপুরে এবং আমাকে শেরপুরে বদলি করা হয়েছে। এ আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। ঢাকায় অধিদপ্তরের সামনেও তারা আন্দোলন করছেন বলে জানতে পেরেছি।’