সিল্কসিটি নিউজ ডেস্ক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আমন্ত্রণ জানাল নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এমন আমন্ত্রণ জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সবসময় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা চাই, আসন্ন সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমও পর্যবেক্ষণ করুক। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সব দূতাবাস ও মিশনকে জানিয়েছে, ইসির আমন্ত্রণের বিষয়টি তারা জানিয়ে দেবে।

অবশ্য ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।









