সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জাতীয় পার্টি ডুবছে হাওলাদার-সুনীলে

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৯৬ মিনিট পড়া
জাতীয় পার্টি ডুবছে হাওলাদার-সুনীলে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেপরোয়া মনোনয়ন বাণিজ্যের কারণে নির্বাচনের আগে দলের মহাসচিব পদ থেকে ছিটকে পড়লেও বসে নেই জাতীয় পার্টির বিতর্কিত নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার। আর তার সঙ্গে সঙ্গী হয়েছেন দলটির আরেক বিতর্কিত নেতা ও পার্টি চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।

দু’জন মিলে নির্বাচনের আগে মনোনয়ন বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে। করেছেন কমিটি গঠনের নামেও নানা বাণিজ্য। অর্থের বিনিময়ে পার্টিতে পদ দেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এসব করে এখনও থেমে নেই হাওলাদার ও সুনীল। তারা নানা অপকৌশলে জাতীয় পার্টিকে কুক্ষিগত করে রেখেছে এতদিন, এখনও রাখতে চায়। নেতাদের অভিযোগ, হাওলাদার-সুনীলই মূলত জাতীয় পার্টির এখন মূল ‘বিষফোঁড়া’। দলের ভেতরে তারা নানাভাবে প্রভাব বিস্তার করতে মরিয়া হয়ে আছে। পার্টিকে একটি ‘দোকান’ বানিয়ে নিজেরা স্বার্থ সিদ্ধি করেছে অতীতে, করতে চায় এখনও। দলের ভেতরে ভালো নেতৃত্ব যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, সেজন্য নানা ষড়যন্ত্র ফাঁদছে হাওলাদার ও সুনীল।

দলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই দু’জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে নতুন নেতৃত্বকে। শুধু তাই নয়, জাতীয় পার্টি থেকে এদের চিরতরে বিতাড়িত করতে হবে। জাতীয় পার্টির একাধিক নেতা অভিযোগ করে বলেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অন্ধকারে রেখে এরাই মূলত দীর্ঘদিন জাতীয় পার্টি চালিয়েছেন।

এখনও নেপথ্যে থেকে নানা ধরনের কূটকৌশল অবলম্বন করছেন এবিএম রুহুল আমিন হাওলাদার এবং সুনীল শুভরায়। কেবল দল ব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যাওয়া হাওলাদার এবং সুনীলের কারণে পুরোপুরি ডুবতে বসেছে জাতীয় পার্টি। নেপথ্যে থেকে এখনও এই দু’জন পার্টিকে করায়ত্ত করে রাখতে বেশ সক্রিয়।

এবিএম রুহুল আমিন হাওলাদার এবং সুনীল শুভরায় জাতীয় পার্টির ভেতরে সব অপকর্মের হোতা- দাবি কর দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আলম শনিবার যুগান্তরকে বলেন, ‘হাওলাদার-সুনীলের কারণে জাতীয় পার্টি ডুবতে বসেছে। পার্টি বাঁচাতে চাইলে এখনও সময় আছে এই দু’জনকে স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি দল থেকে পুরোপুরি বিতাড়িত করা। হাওলাদার এবং সুনীল দলটিতে যতদিন থাকবে জাতীয় পার্টি ততদিন আর ঘুরে দাঁড়াতে পারবে না।’

তিনি বলেন, ‘হাওলাদার এবং সুনীল টাকা ছাড়া কিছু চেনে না। সুনীল তো কর্মীদের কাছ থেকে ৫ হাজার টাকাও নেয়। দুর্নীতি কমিশনের উচিত এই দু’জনের সম্পদ খতিয়ে দেখা। মাহমুদ আলম বলেন, ‘হাওলাদার এবং সুনীলের নামে-বেনামে বিপুল সম্পদ রয়েছে। স্যারের (এরশাদ) একজন সামান্য কর্মচারী থেকে সুনীল এখন বিপুল টাকার মালিক। জাতীয় পার্টিকে ব্যবহার করেই সে এই অর্থ উপার্জন করেছে। সুনীল তো বিদেশে অর্থ পাচারও করেছে বলে অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। ব্যবস্থা নিলে জাতীয় পার্টি বাঁচবে।’

জাতীয় পার্টির বেশির ভাগ নেতার একই কথা। কিন্তু তারা কেউ নাম বলতে চান না, পদ হারানোর ভয়ে। নেতাকর্মীদের মতে, মনোনয়ন বাণিজ্য ছাড়াও হাওলাদার এবং সুনীলের আমলনামায় নানান অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, আর্থিক কেলেঙ্কারি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ রয়েছে। পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সব জানেন, কিন্তু এই চক্রের কাছে অসহায় হয়ে থাকায় কার্যকর কোনো ব্যবস্থা কখনই নিতে পারেননি। এমন প্রেক্ষাপটে ক্ষুব্ধ নেতাকর্মীদের প্রবল ক্ষোভ-অসন্তোষের মুখে ৩ ডিসেম্বর রুহুল আমিন হাওলাদারকে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে সরিয়ে দেন এরশাদ। এরপর মহাসচিব পদে পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দায়িত্ব দেয়া হয়।

এর আগে দলীয় মনোনয়ন নিয়ে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে দলের অনেক নেতা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। দলের বনানী কার্যালয়ে বিক্ষোভ এবং ভাংচুর করেন নেতাকর্মীরা। মূলত রুহুল আমিন হাওলাদার ও সুনীল শুভরায়ের বিরুদ্ধেই বেশি অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাওলাদার পদ হারালেও সুনীল শুভরায় কৌশলে থেকে যান স্বপদে। এ নিয়েও ক্ষুব্ধ পার্টির নেতাকর্মীরা। তাদের মতে, এখনও জাতীয় পার্টিকে নিয়ে ‘খেলছেন হাওলাদার ও সুনীল।’

নতুন মহাসচিবের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদারের প্রতি ইঙ্গিত করে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, দলের মধ্যে কেউ মনোনয়ন বাণিজ্যে জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয়ভাবেই সিদ্ধান্ত নেয়া হবে। এজন্য প্রয়োজনে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে। সে অনুযায়ী ব্যবস্থাও নেয়া হবে। তিনি আরও বলেন, ‘শুধু সাবেক মহাসচিবই নন, মনোনয়ন বাণিজ্যের সঙ্গে আরও কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

কিন্তু এখনও কারও বিরুদ্ধে চূড়ান্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে। জাতীয় পার্টির একাধিক নেতা বলেন, হাওলাদার এবং সুনীল দলটিকে কুক্ষিগত করে রেখেছে দীর্ঘদিন। এখন নতুন করে তারা দু’জন জাতীয় পার্টিকে করায়ত্তে রাখতে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে রুহুল আমিন হাওলাদার ঋণখেলাপি থাকায় ছিটকে পড়েন। জাল সার্টিফিকেট দেয়ার মামলাও আছে জাপার এই বিতর্কিত নেতার বিরুদ্ধে। পটুয়াখালী-১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন হাওলাদার। স্থানীয় না হয়েও কেবল জাতীয় পার্টিকে ব্যবহার করে ওই এলাকা থেকে নির্বাচন করতে চেয়েছিলেন ৫ জানুয়ারির বিনা ভোটের এমপি হাওলাদার। কিন্তু এবার তার বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগসহ সাধারণ মানুষ একাট্টা হয়ে দাঁড়ায়। একই অবস্থা সুনীল শুভরায়ের বেলায়ও। খুলনার স্থানীয় বাসিন্দা না হয়েও সুনীল শুভরায় এবারের নির্বাচনে ওই এলাকা থেকে নির্বাচন করে জামানত হারান।

জাতীয় পার্টির একাধিক সূত্র জানায়, মূলত মনোনয়ন বাণিজ্যের কারণে মহাসচিবের পদ থেকে রুহুল আমিন হাওলাদার বাদ পড়েও বসে নেই তিনি। এখনও নেপথ্যে নানা ধরনের কলকাঠি নাড়ছেন। এর সঙ্গে রয়েছেন সুনীল শুভরায়। মনোনয়ন বাণিজ্যের শিকার নেতারা বনানীর কার্যালয়ে হাওলাদারকে অবরুদ্ধও করে রাখেন। সুনীল তখন খুলনায় নির্বাচন নিয়ে ব্যস্ত। অভিযোগ আছে, জয়ী হতে পারবেন না জেনেও সুনীল নির্বাচনের নামে মূলত বাণিজ্যে বেশি ব্যস্ত ছিলেন পুরোটা সময়।

জানা গেছে, রুহুল আমিন হাওলাদার এবং সুনীলের নেতৃত্বে দলের একটি সিন্ডিকেটের মনোনয়ন বাণিজ্য দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। টাকার বিনিময়ে দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত বিত্তশালীদের দলে ভিড়িয়ে মনোনয়ন দেয়ার গুরুতর অভিযোগ ওঠে। এ নিয়ে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা প্রচণ্ড ক্ষুব্ধ হন। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন স্থানে প্রকাশ্যে প্রতিবাদ-বিক্ষোভ ছাড়াও হাওলাদার ও সুনীলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল পর্যন্ত হয়। এসব ঘটনায় জাতীয় পার্টির অবশিষ্ট ইমেজ হুমকির মুখে পড়ে।

দলটির নেতাকর্মীরা মনে করেন, দলীয় স্বার্থ উপেক্ষা করে নিজের সুবিধা হাসিল করার মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন হাওলাদার এবং সুনীল। বিপরীতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় পার্টি। এ নিয়ে জাতীয় পার্টির কর্মীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। মাত্র ১০ বছরের ব্যবধানে হাওলাদার ও তার স্ত্রী রত্না আমিনের ২০ গুণ সম্পদ বেড়েছে। নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা দফতরে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় দেয়া তথ্যে মিলেছে এর প্রমাণ।

২০০৮ সালে যেখানে এ দম্পতির সম্পদের পরিমাণ ছিল আড়াই কোটি টাকা, সেখানে তা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৪ কোটি। যদিও স্থানীয় জনসাধারণ মনে করেন, দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখলে এ সম্পদের পরিমাণ আরও বাড়বে। একই অবস্থা সুনীল শুভরায়েরও। এরশাদের সামান্য একজন কর্মচারী সুনীল পরে রাতারাতি জাতীয় পার্টির নেতা বনে যান। বাগিয়ে নেন প্রেসিডিয়াম সদস্যের পদ। এরশাদের রাজনৈতিক সচিবের পদ। প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারির পদ। জাতীয় পার্টিকে ব্যবহার করে ভাগ্য পরিবর্তন করেন সুনীল।

মৌচাকে ফ্ল্যাট ছাড়াও নামে-বেনামে বিপুল সম্পত্তির মালিক তিনি। বনানী ১১ নম্বর সড়কের বিলাসবহুল বাড়িতে বসবাস করা এই বিতর্কিত নেতার মূল ব্যবসা জাতীয় পার্টির রাজনীতি। নেতাকর্মীদের অভিযোগ- হাওলাদার এবং সুনীল মিলেমিশে জাতীয় পার্টিকে ব্যবহার করে ভাগ্য বদলিয়েছে নিজেদের। অন্যদিকে কপাল পুড়িয়েছে নেতাকর্মীদের।