সদ্য প্রকাশিত
রাজনীতি

জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী চুক্তি বাতিল করতে হবে : সাইফুল হক

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২৬৩ মিনিট পড়া
জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী চুক্তি বাতিল করতে হবে : সাইফুল হক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিগত অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কোনো সরকারের কর্মকাণ্ড জবাবদিহির বাইরে থাকতে পারে না। গত দেড় বছরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যেসব চুক্তি সই হয়েছে, তা প্রকাশ্যে আনতে হবে। যেগুলো জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী, সেগুলো স্থগিত বা বাতিল করতে হবে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘নতুন সরকারের কাছে প্রত্যাশা : প্রথম ১০০ দিনের অগ্রাধিকার’ শীর্ষক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুন নূরের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের বাজারে যে আগুন জ্বলছে, তা নিয়ন্ত্রণে আনতে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো আপস করা চলবে না। বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস দূর করতে আগামী দুই বছর গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম না বাড়ানোর দাবি জানান তিনি।

বিএনপির নেতৃত্বের প্রশংসা করে সাইফুল হক বলেন, তারেক রহমানের ওপর ইতিহাস আজ বিরাট দায়িত্ব অর্পণ করেছে।

তিনি প্রজ্ঞা ও দূরদর্শিতা নিয়ে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনবেন, এটাই মানুষের প্রত্যাশা। এ জন্য ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে। চাঁদাবাজি ও মব-জবরদস্তি বন্ধ করতে চাইলে সরকারকে নিজের ঘর থেকেই পরিষ্কার করা শুরু করতে হবে। গত দেড় বছরে বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে।

এখন সরকার গঠনের পর যেন নিচ থেকে ওপর পর্যন্ত কারো বিরুদ্ধে এমন অভিযোগ না আসে, সেই বার্তা দিতে হবে।
শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, সংসদ সদস্য পদটিকে অলাভজনক করতে হবে। এটি কোনো বিনিয়োগের ক্ষেত্র নয় যে, ২৫ কোটি টাকা খরচ করে এমপি হয়ে ৫০০ কোটি টাকা আয় করবেন। এই খেলা বন্ধ হলে ১২ আনা দুর্নীতি এমনিতেই কমে যাবে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।

গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমরা কাঙ্ক্ষিত নির্বাচন পাইনি। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ফলে গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হয়নি। তাই নির্বাচিত সরকারকে আরো দায়িত্বশীল হতে হবে। পুরনো তিক্ত অভিজ্ঞতা থেকে দল ও সরকারকে পৃথক রাখতে হবে। রাষ্ট্র ও সমাজ জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশে ডানপন্থার উত্থান ঘটেছে। নির্বাচন তা আরেক ধাপ এগিয়ে দিয়েছে। নির্বাচনে টাকার খেলা, পেশিশক্তি ও ধর্মের ব্যবহার রোধ করা যায়নি। মব সন্ত্রাসের প্রভাব নির্বাচনেও পড়েছে। জনজীবনে স্বস্তি ফেরাতে মব সন্ত্রাস বন্ধের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ নিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার দাবি জানান তিনি।

গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সদস্যসচিব বাবর চৌধুরীর সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন জ্যেষ্ঠ সাংবাদিক কবি সোহরাব হাসান, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম প্রমুখ।