জয়পুরহাট

জয়পুরহাটে চাকায় পিষ্ট তরুণের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. আশিক (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও ২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের শহরের কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। আহত ২ জন হলেন- একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাইম (২২) ও মফিজুলের ছেলে জিহাদ (২০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে হিলির দিকে যাচ্ছিল জেআর প্লাস টু পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে শহরের দিকে আসছিল নম্বরপ্লেটবিহীন একটি হিরো হোন্ডা মোটরসাইকেল। কাশিয়াবাড়ী এলাকায় বাসটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ জনই সড়কে ছিটকে পড়েন। এ সময় আশিক বাসের নিচে পড়ে যান। বাসটি তাকে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাসটি আটকে তাতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে কোনো ভুক্তভোগীকে পাওয়া যায়নি। তবে জানতে পেরেছেন, একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল বলেন, দুর্ঘটনায় এক তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। একই ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতের ঘটনায় ক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন দিয়েছেন। বাসটি থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাসের কোনো যাত্রী আহত হননি।

সূত্র: ঢাকা পোস্ট