অর্থ ও বাণিজ্য

জমে উঠছে বাণিজ্য মেলা

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০২০২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একটু একটু করে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শুরুর প্রথম শুক্রবার ভিড় বেড়েছে। তবে পুরোপুরি জমতে আরও কয়েকদিন লাগবে বলে জানালেন স্টল-প্যাভিলিয়নের প্রতিনিধিরা। নানা অব্যবস্থাপনার অভিযোগ ক্রেতাদের। এদিকে এখনও চলছে স্টল নির্মাণের কাজ।

মাসব্যাপী মেলা শুরুর পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন ছিল শুক্রবার। তাই অনেকেই এসেছেন স্বজন-পরিজন আর বন্ধুবান্ধব প্রিয়জনের সঙ্গে। মেলা প্রাঙ্গণে ঘুরে ফিরে নিজেদের মতো উপভোগ করেন সময়। অনেককেই দেখা গেল পছন্দের পণ্য বাছাই করতে বেশ মনোযোগী বিভিন্ন স্টল-প্যাভিলিয়নে। পোশাক, গয়না, খেলনা আর গৃহস্থালী পণ্যের স্টলেই ক্রেতা সমাগম বেশি।

প্রথম দিক বিবেচনায় বেচাকেনায় খুশি বিক্রেতারাও।

বৈরী আবহাওয়ার কারণে মেলায় দর্শনার্থী তুলনামূলক কম। যারা এসেছেন মূল প্রবেশ পথের সামনে ও অলিতে গলিতে জমে থাকা পানি নিষ্কাশন ও দিনভর পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে কোনো উদ্যোগ না থাকায় অসন্তুষ্টির কথা জানালেন তারা। আর রাত থেকে গুঁড়ি গুঁড়ি ও থেমে থেমে বৃষ্টির কারণে স্টল-প্যাভিলিয়নের ভেতরে মালামাল ভিজে যাওয়া, দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের সংযোগ বন্ধ রাখাসহ নানা বিড়ম্বনার কথা জানালেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আবহাওয়া একটু ভালো হলে শুক্রবার সন্ধ্যার পর থেকে মেলায় বাড়তে থাকে দর্শনার্থী সমাগম। তবে তৃতীয় দিনেও মেলার সব স্টল নির্মাণের কাজ শেষ হয়নি। এতে ক্ষোভ জানান ক্রেতারা।