সিল্কসিটি নিউজ ডেস্ক:
রমজানের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা চিনির দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রবিবার জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন সংক্রান্ত এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মন্ত্রণালয় থেকে দাম কমানোর ঘোষণা দেওয়ার পরও কেন বাজারে চিনির দাম বাড়ল- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজান মাস শেষের দিকে হওয়ায় বাজারে চাহিদা বেড়েছে। এতে চিনির দাম একটু ঊর্ধ্বমুখী।’

তিনি আরো বলেন, ‘চিনির দাম পাঁচ টাকা কমানোর কথা থাকলেও পরবর্তী সময়ে হিসাব-নিকাশ করে দেখা যায়, দাম তিন টাকা ৫০ পয়সা কমানো যায়। তবে এ আলোচনা চলাকালেই আবার চিনির দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা।’
বিশাল এ বাজার নিয়ন্ত্রণ করা কঠিন বলে জানান টিপু মুনশি। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, নিয়ন্ত্রণ রাখার জন্য, যতদূর পারা যায় আরকি!’ এ সময় মুরগির বাজারের অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটি বাণিজ্য মন্ত্রণালয়ের দেখার বিষয় না; প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের দেখার কথা। মুরগি, ডিম, বেগুন, আম, এসব কিছু নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলে আগে জানতে হবে মুরগির উৎপাদন খরচ কত?’
মুরগির দাম নিয়ন্ত্রণে আনতে ভোক্তা অধিকার চেষ্টা করছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অভিযান পরিচালনা করায় মাঝে মাঝে ২০ থেকে ৩০ টাকা দাম কমে আসছে। মুরগির উৎপাদন খরচ কম হলে দাম বাড়ার কোনো কারণ নেই। এ বিষয়ে সংশিস্নষ্টদের নজর দেওয়া প্রয়োজন।’
এ ছাড়া মুরগির দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ শিগগিরই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবে বলে জানান তিনি। পাশাপাশি মুরগির বাজার স্থিতিশীল করতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে মুরগির দাম বেঁধে দেওয়ার তাগিদ দেন টিপু মুনশি। সূত্র: কালের কণ্ঠ








