বগুড়ার ধুনটে চাচিকে (২৩) ধর্ষণের অভিযোগে করা মামলায় বিপ্লব হোসেন বিদ্যুৎ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৩ আগস্ট) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের আবুল হোসেন ওরফে বারিকের ছেলে। গতকাল শনিবার (২ আগস্ট) বিকেলে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে ৫ বছর আগে বিপ্লবের প্রতিবেশী চাচার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক কন্যাসন্তানের জন্ম হয়। ওই নারীর স্বামী বগুড়া শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ সুযোগে প্রায় ১ বছর ধরে ভাতিজা বিপ্লব চাচার বাড়িতে গিয়ে চাচিকে বিয়ের প্রলোভনে প্রেম প্রস্তাব দেন।
কিন্তু তিনি তার প্রেম প্রস্তাবে রাজি হননি।গত ১৮ জুন রাত পৌনে ২টায় ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে স্বামীর ঘর থেকে বের হন। এ সময় ওই ঘরের পাশে আগে থেকে অবস্থান নেওয়া বিপ্লব তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে সটকে পড়েন। ঘটনার সময় ওই ঘরে অন্য কেউ ছিল না।
পরের দিন ওই নারী তার স্বামীকে সব খুলে বললে তিনি ক্ষুব্ধ হয়ে তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গতকাল শনিবার বিপ্লবের বিরুদ্ধে থানায় মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’