আন্তর্জাতিক

চলুন, ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানাই : ট্রাম্প

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাসের করপাস ক্রিস্টিতে মঙ্গলবার এক অনুষ্ঠানে মঞ্চে উঠে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘ওই যে দূরে ছোট জাহাজটি দেখতে পাচ্ছেন? সেটিতে ভেনেজুয়েলা থেকে আনা ১০ লাখ ব্যারেল তেল রয়েছে।

’
বক্তব্যে ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো অভিযানের কথা তুলে ধরেন। ওই অভিযানে দেশটির সাবেক নেতা নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছিল। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘বিজয়ীরাই পরাজিতের সম্পদ ভোগ করে।’

এরপর ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রস্তাব দেন ট্রাম্প।

তিনি বলেন, ‘চলুন, ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানাই।’ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার তেলের মজুদের কথা উল্লেখ করে দেশটিকে আবারও যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্প আরো বলেন, ‘দেশটি সমৃদ্ধ হয়ে উঠবে। কে জানে, অদূর ভবিষ্যতে এটি হয়তো সমৃদ্ধ ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হতে পারে।

এটা সম্ভব। আসুন, একে ৫১তম অঙ্গরাজ্য বানিয়ে ফেলি।’
তিনি বলেন, ‘সেখানে কোনো প্রেসিডেন্ট থাকবেন না। বরং একজন গভর্নর নির্বাচিত হবেন।’ এ সময় উপস্থিত দর্শকদের মধ্যে থাকা তেল ব্যবসায়ী হ্যারল্ড হ্যামকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘হ্যারল্ড, আসুন, একে ৫১তম অঙ্গরাজ্য বানিয়ে ফেলি।

আপনার কি ভালো লাগছে? আমার তো ভালোই লাগছে।’ এর আগে মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে ‘উপহার’ হিসেবে ১০ লাখ ব্যারেল তেল পাঠিয়েছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকারটির আগমন পর্যবেক্ষণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প জানান, ট্যাঙ্কার থেকে আসা অপরিশোধিত তেল টেক্সাসের শোধনাগারগুলোতে প্রক্রিয়াজাত করা হবে।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, রুবিও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ট্রাম্পের সঙ্গে টেক্সাস সফরে যাচ্ছেন। ওই কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা করা প্রয়োজন। প্রেসিডেন্ট সফর নিয়ে ব্যস্ত থাকবেন। তাই একই বিমানে ভ্রমণের সুযোগে রুবিও তার সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলতে পারবেন।’

এর আগেও ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার বিষয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প। চলতি বছরের শুরুর দিকে তিনি বলেছিলেন, ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার বিষয়টি তিনি ‘গুরুতরভাবে বিবেচনা’ করছেন।

কানাডার ক্ষেত্রেও একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি। তবে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গত মে মাসে সাংবাদিকদের জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার কোনো পরিকল্পনা তার দেশের নেই। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, রদ্রিগেজ বলেন, ‘আমরা আমাদের অখণ্ডতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ইতিহাস রক্ষা করে যাব।’

উল্লেখ্য, তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর পর জানুয়ারি মাসে ক্ষমতায় আসেন রদ্রিগেজ।