সিল্কসিটিনিউজ ডেস্ক:
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশের একটি মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, চতুর্থ শ্রেণিতে পড়ার আগ পর্যন্ত তিনি নিজের জন্মদিনের তারিখ জানতেন না।
২৮ জুলাই নিজের ৪৩তম জন্মদিন উপলক্ষে চেন্নাইয়ে আয়োজিত একটি রক্তদান অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন ধানুশ।

অভিনেতা জানান, ছোটবেলায় স্কুলে সহপাঠীদের জন্মদিন পালন করতে দেখে তারও জন্মদিন উদযাপন করার ইচ্ছে হতো।
ধানুশ বলেন, আমি দেখতাম, বন্ধুরা জন্মদিনে রঙিন পোশাক পরে আসত এবং সবাইকে চকোলেট দিত। বিষয়টি আমার খুব ভালো লাগত।
কিন্তু চতুর্থ শ্রেণিতে পড়ার আগে পর্যন্ত আমি জানতাম না আমার জন্মদিন কবে।
তিনি আরো জানান, পরে তার বোন বাবা-মায়ের কাছ থেকে তার জন্মদিনের তারিখ জেনে তাকে জানিয়েছিলেন।
শৈশবের দিনগুলোর কথা বলতে গিয়ে ধানুশ আরো জানান, তার পরিবার সাধারণত শুধু দীপাবলি ও পঙ্গল উৎসবের সময় নতুন পোশাক কিনত।
তিনি বলেন, অনেক অনুরোধ করে একবার একটি রঙিন পোশাক কিনেছিলেন।
সেই সঙ্গে নিজের জমানো টাকা দিয়ে স্কুলের সহপাঠী ও শিক্ষকদের জন্য চকোলেটও কিনেছিলেন।
ধানুশ বলেন, সেদিন রঙিন পোশাক পরে স্কুলে গিয়ে এবং সবাইকে চকোলেট দিয়ে নিজেকে খুব বিশেষ মনে হয়েছিল।
অভিনেতা জানান, ছোটবেলায় জন্মদিন নিয়ে অনেক আগ্রহ থাকলেও এখন আর সেভাবে উদযাপন করেন না।
তবে ধানুশের এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন। অনেকেই জানতে চেয়েছেন, চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজের জন্মদিনের তারিখ না জানা কিভাবে সম্ভব।
এর আগে ‘ইডলি কাদাই’ সিনেমার প্রচারণার সময় শৈশবের সংগ্রাম নিয়ে ধানুশের একটি বক্তব্য নিয়েও আলোচনা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় ইডলির জন্য টাকা জোগাড় করতে ফুল বিক্রি করতেন।
এদিকে কাজের দিক থেকে ধানুশের সামনে রয়েছে কয়েকটি নতুন সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ওএম অধ্যায় ১ – উধিরাম: দ্য ব্লাড উড’ এবং ‘থামিঝ মুরুগান’।









