
সিল্কসিটিনিউজ ডেস্কঃ
আশাবাদী মানুষরা বলবেন, যে বিপ্লবই আসুক মানুষ কখনো বেকার হবে না। এর আগেও কি এমন শিল্প বিপ্লব আসেনি? প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্প বিপ্লবের সময়ও তো নৈরাশ্যবাদীরা ভেবেছিলেন মানুষ তাদের কাজকর্ম হারিয়ে বেকার হয়ে যাবে। কই তা তো হয়নি। অবশ্য এ কথাটায় একটু ফাঁক আছে।

বেকার যে হয়নি তা নয়, বেকার হয়েছে, কিন্তু তার পরপরই আবার কাজ পেয়ে যেতে অসুবিধা হয়নি। যেমন—আমরা যদি ১৯২৫ সালের দিকের একজন কৃষি শ্রমিকের কথা ভাবি। তিনিও কাজ হারিয়েছিলেন। কিন্তু যে ট্রাক্টরের কারণে তাঁর চাকরি গিয়েছিল, হয়তো সেই ট্রাক্টর তৈরির কারখানায়ই তিনি কাজ পেয়ে গেছেন। আবার সেই ট্রাক্টর কারখানাটিতে আরো আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কারণে ১৯৮৫-তে এসে যদি অন্য কোনো শ্রমিকের চাকরি গিয়ে থাকে তিনি হয়তো আবার কোনো ক্লিনিকের ক্যাশিয়ারের চাকরি পেয়ে গেছেন। অর্থাৎ মানুষের একটা চাকরি গেছে তো আরেকটা এসেছে। নতুন চাকরিতে খুব নতুন কোনো দক্ষতার প্রয়োজন ছিল না বলেই এটা সম্ভব হয়েছে।
কিন্তু আমরা যদি ২০৪০ সালের কথা কল্পনা করি, তাহলে ব্যাপারটা এত সহজ মনে হবে না। ধরুন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবট ব্যবহার করার কারণে একজন ক্যাশিয়ার বা শ্রমিকের চাকরি চলে গেল। সে ক্ষেত্রে নতুন চাকরিতে গিয়ে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবট যা করতে পারে, তাঁকে যদি তাই করতে হয়, তাহলে তো আর তিনি তা পারবেন না। তাঁকে এমন কাজ খুঁজতে হবে, যা কোনো মেশিন করতে পারে না। যেমন—গবেষণা কিংবা জটিল কোনো সফটওয়্যার তৈরির কাজ। কিন্তু সমস্যা হচ্ছে, এই কাজ তো চট করে শেখা যায় না। প্রথম বিশ্বযুদ্ধে যেমন আনাড়ি লোকজনকে ধরে এনে তাঁর হাতে রাইফেল ধরিয়ে দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়েছে, সে রকম তো আর এখন কেউ করবেন না। এখন কি রাশিয়া কোনো আনাড়ি লোকের হাতে ড্রোন দিয়ে ইউক্রেনে বোমা ফেলার চেষ্টা করবে?
ফলে যেটা হবে সেটা হলো একদিকে মানুষ চাকরি হারাবেন বটে; কিন্তু অন্যদিকে অত্যাধুনিক মেশিন চালানোর দক্ষ মানুষের অভাব ঘটবে। দক্ষতা থাকলে চাকরির অভাব হবে না, কিন্তু দক্ষ হয়ে ওঠাই তো কঠিন। যন্ত্রের দক্ষতা অর্জন না করে, যন্ত্রের সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করে টেকা যাবে না। চাকরি পাওয়ার প্রথম উপায় হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেখানে ঢুকতে পারে না সেখানে ঢুকে যাওয়া। যেমন—ড্রোন আসায় পাইলট হিসেবে একজন মানুষের চাকরি গেল ঠিকই, কিন্তু সেই ড্রোনের রক্ষণাবেক্ষণ, তাকে দূর থেকে নিয়ন্ত্রণ, তার তথ্য বিশ্লেষণ কিংবা তার সাইবার সিকিউরিটির জন্য ওই একজন মানুষের বদলে প্রায় ৩০ জন মানুষের প্রয়োজন হয়ে পড়ল। অর্থাৎ এ ক্ষেত্রে কর্মসংস্থান কমার বদলে বরং বেড়ে গেল; কিন্তু ওই সব কাজের জন্য দক্ষ মানুষ পাওয়া সহজ হলো না। চাকরি পাওয়ার দ্বিতীয় উপায় হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যৌথভাবে একটা টিম তৈরি করে কাজ করা। যেমন—একটু আগে যে জটিল সফটওয়্যার তৈরি করার কাজের কথা বলা হলো, সেটাও মানুষ যদি কোনো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঙ্গে নিয়ে করেন তা তিনি অনেক সহজে করতে পারবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে মানুষের মস্তিষ্ক যে দুর্বল এই ধারণাটা সম্ভবত ১৯৯৭ সালে প্রথম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যখন আইবিএমের ডিপ ব্লু নামের দাবার প্রগ্রামটি বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়ে দিল। কিন্তু তাতে যে দাবাড়ুরা মুষড়ে পড়লেন তা নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও দাবাড়ুরা মিলে একটা টিম (যা ‘সেন্টোস’ বা নরঘোটক বলে পরিচিত) করে দাবা খেলার মানকে অনেক উন্নত করে ফেললেন। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু গোল বাধল ২০১৭ সালের ৭ ডিসেম্বর, যখন বোঝা গেল মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে টিম করে কাজ করার পরও অন্য আরেকটি যন্ত্রের কাছে পরাজিত হতে পারে। ওই বছর গুগলের আলফা জিরো প্রগ্রাম স্টকফিশ ৮ প্রগ্রামকে হারিয়ে দিল। স্টকফিশ ৮ হচ্ছে কম্পিউটার দাবাড়ুদের মধ্যে ২০১৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন। এর মধ্যে মানুষ এবং কম্পিউটারের শত বছরের দাবা খেলার অভিজ্ঞতা ঢোকানো আছে। এটা এক সেকেন্ডে দাবার ৭০ মিলিয়ন চাল হিসাব করে ফেলতে পারে। অন্যদিকে আলফা জিরোর আছে এক সেকেন্ডে মাত্র ৮০ হাজার চাল হিসাব করার ক্ষমতা। উপরন্তু মানুষের দাবা খেলার কোনো অভিজ্ঞতাই তার মধ্যে ঢোকানো হয়নি। আলফা জিরো একেবারে নিজে নিজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে নিজের বিরুদ্ধে নিজে খেলতে খেলতে তার অভিজ্ঞতা অর্জন করেছে। তার পরও স্টকফিশের সঙ্গে ১০০টি খেলায় একটিতেও না হেরে সে ২৮টিতে জিতল আর ৭২টিতে ড্র করল। অর্থাৎ এখানে একা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্মিলিত শক্তিকে হারিয়ে দিল। মানুষের এই পরাজয় গ্যারি কাসপারভের সেই হেরে যাওয়ার চেয়েও অনেক বড় পরাজয়।
আরো অবাক ব্যাপার হচ্ছে, আলফা জিরোর এই মানের দাবা খেলা শিখতে সময় লেগেছে মাত্র চার ঘণ্টা। আর অন্যদিকে স্টকফিশের কাছে ছিল মানুষের শত বছরের দাবা খেলার অভিজ্ঞতা। এটা প্রমাণ করে অন্তত দাবার ক্ষেত্রে মানুষ কখনো কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে পেরে উঠবে না। একা তো পারবেই না, অন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে টিম করেও সে প্রতিযোগিতায় টেকে কি না সন্দেহ। এটা শুধু দাবা খেলার ক্ষেত্রে ঘটেছে বটে, তবে ভবিষ্যতে যে এটা ওষুধ তৈরি বা ব্যাংকিংয়ের মতো ক্ষেত্রেও ঘটবে না তা কে জানে!
যুক্তির সঙ্গে কল্পনা মিশিয়ে দেখলে এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ ‘কাল’। এবং শক্তি চট্টোপাধ্যায়ের ভাষায় ‘সে বড় সুখের সময় নয়’, বা ‘সে বড় আনন্দের সময় নয়। ’ যন্ত্রের অসহায় ক্রীড়নকে পরিণত হওয়ার এই নিয়তি এড়ানোর একটি মাত্র উপায় হচ্ছে শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। শিক্ষার্থীদের গুণগত, অন্তর্ভুক্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করে ফেলতে পারলে অন্তত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সামলাতে পারার মতো দক্ষ জনশক্তি তৈরি করে ফেলা যাবে।
লেখক : মাউশি ও নায়েমের সাবেক মহাপরিচালক
সূত্রঃ কালের কণ্ঠ









