সদ্য প্রকাশিত
রাজনীতি

চট্টগ্রামে কন্যশিশুর ওপর সহিংসতার ঘটনায় জামায়াতের নিন্দা

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৬২ মিনিট পড়া
চট্টগ্রামে কন্যশিশুর ওপর সহিংসতার ঘটনায় জামায়াতের নিন্দা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যাচেষ্টার নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, গতকাল শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যাচেষ্টার নৃশংস ঘটনা ঘটেছে। এই পাশবিক ঘটনা মানবিক মূল্যবোধকে চরমভাবে ভূলুণ্ঠিত করেছে এবং জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে।

এই ঘটনায় আমরা গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
তিনি বলেন, একটি নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের পাশবিকতা কেবল আইনশৃঙ্খলার চরম অবনতিরই বহিঃপ্রকাশ নয়, বরং এটি সামাজিক অবক্ষয়ের নির্মম চিত্র। যারা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত, তারা মানবতার শত্রু। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরো বাড়তে পারে।

তিনি আরো বলেন, আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ভুক্তভোগী শিশুর সর্বোচ্চ চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহর কাছে শিশুটির দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।