সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

গোলাম সারওয়ারের মৃত্যুতে রাবিতে কর্মরত সাংবাদিকদের শোক

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৮২ মিনিট পড়া
গোলাম সারওয়ারের মৃত্যুতে রাবিতে কর্মরত সাংবাদিকদের শোক

রাবি প্রতিনিধি:
জাতীয় দৈনিক সমকাল সম্পাদক ও প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব ও রিপোর্টাস ইউনিটি। মঙ্গলবার তিন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ এক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

রাবিসাসের সভাপতি ছালেকীন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ, প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষার, সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী ও রিপোর্টাস ইউনিটির সভাপতি শিহাবুল ইসলাম শিহাব, সাধারণ সম্পাদক আলী ইউনূস হৃদয় বিবৃতিতে বলেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যু গণমাধ্যম জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করলো। একজন প্রথিতযশা সাংবাদিক হিসেবে তিনি নিজ কর্মের প্রতি সদা অবিচল ছিলেন। সারা জীবন প্রগতিশীলতা চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় লড়াই করেছেন তিনি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে তার অবাদন ছিল সাংবাদিকদের অনুপ্রেরণার উৎস। তার এই লড়াই আগামী প্রজন্মের সাংবাদিকদের আজীবন প্রেরণা দেবে। খ্যাতিমান এই সাংবাদিক তার কর্মের মাঝে বেঁচে থাকবেন।

বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

গোলাম সারওয়ার সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সম্পাদক পরিষদের সভাপতি ছিলেন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট উন্নত চিকিৎসার জন্য সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। গত রোববার হঠাৎ করে তাঁর রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় গতকাল সোমবার বিকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সিঙ্গাপুরের স্থানীয় সময় রাত ১১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ২৫ মিনিট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স/শা