সিল্কসিটিনিউজ ডেস্ক :
গেইমের বিশ্ববাজার ধরতে এবং দেশে এই ইন্ডাস্ট্রিতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে দেশে বিশ্বমানের ডেভেলপার তৈরি করতে চায় সরকার। এজন্য গেইম তৈরিতে ডেভেলপার তৈরিতে যৌথভাবে ‘গেইম ডেভেলপমেন্ট’ ডিপ্লোমা কোর্স চালু করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও রাইজ আপ ল্যাবস।
আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করে ১৫-২০ জনকে গেইম ডেভেলপার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সের সময়কাল এক বছর, যার ৮ মাস প্রশিক্ষণ এবং ৪ মাস ইন্টার্নশিপ। সফল প্রশিক্ষণার্থীদের বিসিসি থেকে সনদ দেওয়া হবে।

কোর্সের উদ্দেশ্য থাকছে প্রশিক্ষণ শুরুর আগে প্রশিক্ষণার্থীর কাছে গেইম ইন্ডাস্ট্রি সম্পর্কে উপস্থাপন করা, গেইম ইঞ্জিন ব্যবহার করে টুডি, থ্রিডি গেইম তৈরি, ভার্সন কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে প্রজেক্ট ভার্সনগুলো নিয়ন্ত্রণ করা, গেইমের প্রয়োজনীয় জিনিসগুলো টুডি, থ্রিডি অ্যাসেট ক্রিয়েশন সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা, গেইম ডিজাইনের মূলনীতিগুলো ব্যাখ্যা করা, গেইমের সমস্যা বা বাগ খুঁজে বের করা এবং সেগুলোর সমাধান করা।
সর্বশেষে প্রশিক্ষণার্থীকে নিজের গেইম বানাতে সক্ষম করে তোলা ও গেইম ডেভেলপার হিসেবে ক্যারিয়ারের বিভিন্ন পথ প্রদর্শন করা।
কোর্সটিতে আবেদনের জন্য আবেদনকারীকে কম্পিউটার বা বিজ্ঞান বিভাগের গ্রাজুয়েট হতে হবে। অথবা চার বছরের আইসিটি ডিপ্লোমা, বা যেকোন ‘অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং’ ল্যাঙ্গুয়েজের অভিজ্ঞতা অথবা আবেদনকারী গ্রাজুয়েট না হলে তিন বছরের এ সম্পর্কিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সূত্র : টেকশহর









