জাতীয়

গাজীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (বিকাল ৪টা) এক রোগীর স্বজন তার সেজ ভাইয়ের রিপোর্ট দেখাতে গিয়ে এ ঘটনার মুখোমুখি হন বলে জানান।

অভিযোগকারী জানান, তিনি পূর্বে তার ভাইকে দেখানোর জন্য ৮০০ টাকা ফি প্রদান করেন। পরবর্তীতে রিপোর্ট দেখানোর জন্য গেলে চিকিৎসকের কক্ষের দরজায় ‘রিপোর্ট দেখা বাবদ ৩০০ টাকা’ লেখা দেখতে পান। এ বিষয়ে প্রশ্ন করলে সংশ্লিষ্ট চিকিৎসক ডা. সাদ আহমেদ (তন্ময়) এটিকে ‘পরামর্শ ফি’ বলে উল্লেখ করেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রোগীর স্বজন বলেন : একই রোগীর জন্য আলাদা করে রিপোর্ট দেখাতে টাকা নেওয়া অস্বাভাবিক। কোথাও এমন দেখিনি। এটি রোগীদের সঙ্গে অন্যায় আচরণ।

তিনি আরও অভিযোগ করেন : একজন রোগীর কাছ থেকে একাধিক ধাপে টাকা নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ।
তবে এ বিষয়ে ডা. সাদ আহমেদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি বলে জানা গেছে। অন্যদিকে, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গাজীপুর শাখার ম্যানেজারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযোগকারী। তিনি বলেন : এ ধরনের অনিয়ম বন্ধে ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হতে পারে।