লাইফ স্টাইল

গাজরের ফেসপ্যাক কি উপকারী, যেভাবে বানাবেন

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আপনার ত্বক যত বেশি হাইড্রেটেড থাকবে, তত বেশি র্যাশ ও চুলকানির সমস্যা কমে আসবে। আর ত্বকে যদি পর্যাপ্ত কোলাজেন না থাকে, তখনই জাঁকিয়ে বসে বলিরেখা ও দাগছোপ। কিন্তু এসব সমস্যা কি একটা উপাদান দিয়েই দূর করা সম্ভব?

হয়তো সম্ভব। আপনি যদি সাধারণ ফেসপ্যাকের বদলে ত্বকে গাজর ব্যবহার করে থাকেন; তবে এ সমস্যা দূর হতে পারে। কারণ আপনার ত্বকের জেল্লা ফেরাতে পারে গাজর। ত্বকের সমস্যা কমানোর বড় অস্ত্র গাজর। প্রতিদিন গাজর খাওয়ার পাশাপাশি এর তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। ত্বকের আর্দ্রতা ফিরে পাবেন। আর গাজরের মধ্যে বিটা-ক্যারোটিন ও ভিটামিন সি রয়েছে।

বিটা-ক্যারোটিন শরীরে ঢুকে ভিটামিন এ-তে রূপান্তরিত হয় এবং ভিটামিন সি অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে। এ দুই উপাদান একসঙ্গে মিলে ত্বকের প্রদাহ রোধ করে এবং কোষকে সুরক্ষিত রাখে। এমনকি ইউভি রশ্মির হাত থেকেও ত্বককে সুরক্ষিত রাখে। ত্বকের সমস্যা কমানোর পাশাপাশি ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন ফেসপ্যাক—

গাজর-মধুর ফেসপ্যাক

একটা গাজর পেস্ট করুন। এরপর ওই গাজরের পেস্টের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। সেই ফেসপ্যাকটি মুখ ও গলায় ভালো করে মেখে নিন। এরপর মিনিট দশেক রেখে মুখ ধুয়ে ফেলুন। এভাবে কয়েক সপ্তাহে ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে। এই শীতে শুষ্ক ত্বকের যত্নে এ প্যাকটি ব্যবহার করতে পারেন। এটি সপ্তাহে দুদিন ব্যবহার করলেই এর সমাধান পাবেন।

টকদই ও গাজরের ফেসপ্যাক

গাজরের পেস্ট থেকে রস ছেঁকে নিন। ২-৩ টেবিল চামচ গাজরের রসের সঙ্গে শসার রস এবং ১ চামচ টকদই মিশিয়ে নিন। এরপর ভালো করে ফেসপ্যাকটি ফেটিয়ে ত্বকে মাখুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বক এক্সফোলিয়েশনের কাজও করবে। ত্বক থেকে মৃত কোষের স্তর ও ময়লা পরিষ্কার করে দেবে। এর পাশাপাশি ত্বকের জেল্লা ধরে রাখবে।

গাজর ও বেসনের ফেসপ্যাক

এক চামচ গাজরের পেস্ট, এক চামচ দুধ ও দুই চামচ বেসন মিশিয়ে ঘন ফেসপ্যাক বানিয়ে ফেলুন।  এরপর মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট ধরে রাখুন। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে পানির দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি ত্বক থেকে তেল-ময়লা দূর করে দেবে। এরপর পাশাপাশি ট্যানের হাত থেকেও মুক্তি দেবে। তৈলাক্ত ত্বকের ব্যক্তিদের জন্য আদর্শ এ ফেসপ্যাক।

 

সূত্র: যুগান্তর