সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

গরুর হাটে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
গরুর হাটে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গরুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনাপুর গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হাটের খাজনা আদায়ের টাকা চাওয়াকে কেন্দ্র করে সোনাপুর পশ্চিমপাড়ার আব্দুর রহিম গ্রুপের সঙ্গে একই গ্রামের জিলাল বিশ্বাস ও শোভন বিশ্বাস নেতৃত্বাধীন আরেকটি গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, শোভন বিশ্বাসের কাছে আব্দুর রহিম খাজনার টাকা চাইলে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জিলাল বিশ্বাসের নেতৃত্বে আব্দুর রহিম, তার চাচা জিন্নাহ ও সেলিমসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়। এতে রহিম গ্রুপের কয়েকজন আহত হন।

পরে আব্দুর রহিমের সমর্থকরা পাল্টা হামলা চালালে জিলাল বিশ্বাস ও তার ভাতিজা শোভন বিশ্বাসসহ আরো কয়েকজন আহত হন।

এ বিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’