জাতীয়

খুলনায় ২৪ ঘণ্টায় তিনজনকে গুলি, দুজনই যুবদল নেতা

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে দুজনই যুবদল নেতা, অন্যজন একটি সিগারেট কম্পানির কর্মী।

সোমবার(২৬ অক্টোবর ) দিবাগত রাত থেকে মঙ্গলবার(২৭ অক্টোবর ) বিকেল পর্যন্ত নগরী ও বটিয়াঘাটায় এসব ঘটনা ঘটে।

সর্বশেষ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বটিয়াঘাটা উপজেলার চক্রাকালী বাজারে গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম বাদল নামে এক যুবদল নেতা। এর আগে সকালে নগরীর নিরালা আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হন একটি সিগারেট কম্পানির কর্মী সালমান (২৩)। আর সোমবার দিবাগত রাতে বটিয়াঘাটায় গুলিবিদ্ধ হন আমিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল শেখ।

মঙ্গলবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে চক্রাকালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় যুবদল নেতা বাদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। গুলিতে আহত বাদলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বটিয়াঘাটা উপজেলার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ১ নম্বর জলমা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। তার পিতার নাম আলতাফ হাওলাদার।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, খুলনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে চক্রাকালী বাজারে চায়ের দোকানে বসেছিলেন বাদল। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এদিকে, পরপর এসব গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দুই যুবদল নেতার ওপর হামলার ঘটনায় রাজনৈতিক বিরোধের কোনো বিষয় রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে হামলার কারণ বা ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র থাকার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।