সদ্য প্রকাশিত
রাজনীতি

খালেদার প্রস্তাব ধরে জাতীয় ঐক্যের আহ্বান

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
খালেদার প্রস্তাব ধরে জাতীয় ঐক্যের আহ্বান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব ধরে জাতীয় ঐক্য ও সংকট নিরসনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

 

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, ‘অহেতুক কালক্ষেপণ না করে একগুঁয়েমি পরিত্যাগ করে জাতির মঙ্গলের জন্য একটি গণতান্ত্রিক কাঠামো গঠনের স্বার্থে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন অনিবার্য। সে কারণেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য স্বাধীন, নিরপেক্ষ, সাহসী নির্বাচন কমিশনের কোনো বিকল্প নেই। আসুন, আমরা সে লক্ষ্যে বিএনপি নেত্রীর প্রস্তাবের ওপর ভিত্তি করে জাতীয় ঐক্য গড়ে তুলি এবং এই রাজনৈতিক সংকট থেকে মুক্ত হয়ে সাসটেইনেবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন), অর্থনৈতিক মুক্তির পথে একযোগে কাজ করি। আমরা ব্যর্থ হলে ভবিষ্যত প্রজন্মের কাছে, জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।’

 

বিএনপির প্রস্তাবনায় সংবিধান লঙ্ঘনের বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে, তারও জবাব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা সংবিধান সামনে রেখেই প্রস্তাবগুলো উত্থাপন করেছি। সুতরাং সংবিধান কোথাও লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি না।’

 

সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাবকে বিভিন্ন মহল সামরিক আইনের সঙ্গে তুলনা করায় এরও ব্যাখ্যা দেন বিএনপির এই নেতা। বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনকালে প্রতিরক্ষা বাহিনীকে বিচারিক ক্ষমতাসহ মোতায়েনের যে প্রস্তাব করা হয়েছে, তাকে কোনোভাবেই সামরিক আইন বলা যাবে না। কারণ, জাতীয় প্রয়োজনে বেসামরিক প্রশাসনের সহায়তায় প্রতিরক্ষা বাহিনীকে নিয়োগের সুযোগ আছে সিআরপিসিতে। তার অনেক দৃষ্টান্ত আছে। তা ছাড়া প্রতিরক্ষা বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া বিচারকার্য পরিচালনার ক্ষমতা বোঝায় না।’

 

প্রস্তাবে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা খর্ব করার কথা বলা হয়নি, জানিয়ে তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতীক হিসেবে বিবেচনা করি এবং তার এই অবস্থান আমাদের দৃষ্টিতে অলঙ্ঘনীয়।’

 

নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাবে বিচার বিভাগকে উপেক্ষা করা হয়নি বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিচার বিভাগের ওপর আমাদের অবিচল শ্রদ্ধা আছে। তবে মহামান্য হাইকোর্টের এক রায় অনুযায়ী, আপিল বিভাগ কিংবা হাইকোর্টের কোনো বিচারপতি নিয়োগ লাভের যোগ্য হবেন না। কেননা, নির্বাচন কমিশন আধাবিচারিক প্রতিষ্ঠান নয়।’

 

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অতীতে আলোচনার ভিত্তিতে নির্বাচন সর্বঐক্য কমিশন গঠন হয়েছে। ইসি নিয়ে বিএনপির প্রস্তাবনাকে নেতিবাচক অর্থে ব্যাখ্যা করে আলোচনার পথ বন্ধ করার কোনো মানে হয় না।’

 

তিনি বলেন, ‘সরকার এখন ড্রাইভিং সিটে আছে। সেহেতু আলোচনার উদ্যোগ তাদেরই নিতে হবে। তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে সাত দিনেই তা সম্ভব। আর না হলে সাত বছরেও সম্ভব হবে না।’

 

ইসি পুনর্গঠন নিয়ে বিএনপির প্রস্তাবনা প্রত্যাখ্যান করে বক্তব্য দেওয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের ঠিক হয়নি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

 

তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) উচিত ছিল প্রস্তাবনাকে ওয়েলকাম করে আলোচনার দ্বার খুলে দেওয়া। প্রস্তাবনার সবকিছুই যে গ্রহণ করতে হবে এমন কিন্তু নয়। তবে আলোচনার মাধ্যমে সবকিছু সমন্বয় করা যেত।

 

সংবাদ সম্মেলনে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সূত্র : রাইজিংবিডি