সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবদলের নবগঠিত কমিটির নেতারা। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যান নবগঠিত যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস।
এর আগে গতকাল সোমবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাইফুল ইসলাম নীরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় কমিটির মনোনীত আরো তিন সদস্যের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন সিনিয়র সহসভাপতি মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান।
কেন্দ্রীয় কমিটি ছাড়াও যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় বিএনপি। ঢাকা উত্তরের সভাপতি হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল মনোনীত হয়েছেন।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পাঁচ সদস্য হলেন রফিকুল ইসলাম মজনু সভাপতি ও গোলাম মোওলা শাহীন সাধারণ সম্পাদক। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে শরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাইদ হাসান মিন্টু, আর টি মামুন ও আনন্দ শাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জামাল উদ্দিন খান শাহীন মনোনীত হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সব কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
সূত্র: এনটিভি










