সিল্কসিটিনিউজ ডেস্ক:
আদালতে না হলে রাজপথেই জনগণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেছেন, এখন আমাদের এক নম্বর এজেন্ডা খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা। তার মুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রশ্ন না করলেই ভালো। চেয়ারপারসনের মুক্তির জন্য আইনি লড়াই চলবে। একই সঙ্গে রাজপথে গণআন্দোলনে তার মুক্তি নিশ্চিত করা হবে। সে জন্য দৃঢ়তার সঙ্গে বলতে চাই- খালেদা জিয়ার মুক্তি দেশের মানুষ রাজপথেই নিশ্চিত করবে। খালেদা জিয়াকে নিয়েই নির্বাচন করব।

জাতীয় প্রেস ক্লাবে বুধবার ‘অপরাজেয় বাংলাদেশ’ নামক সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ছাড়া দেশে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না। নির্বাচনের জন্য একদিকে যেমন প্রস্তুতি নেব, অন্যদিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে আন্দোলনও করব। দুর্নীতি দমন কমিশনকে সরকারের ‘তল্পিবাহক’ এবং ‘মুখপাত্র’ আখ্যায়িত করে এর সমালোচনা করেন মওদুদ আহমদ।
সংগঠনের সভানেত্রী ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় দলের শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ওয়াদুদ ভূঁইয়া, ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ বক্তব্য দেন।
সমকাল










