সদ্য প্রকাশিত
রাজনীতি

খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন: আফরোজা আব্বাস

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৯২ মিনিট পড়া
খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন: আফরোজা আব্বাস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দীর্ঘদিন কারাবন্দি থেকে অসুস্থ হয়ে পড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন। তাতে আপনার সাময়িক লাভ। কিন্তু আপনার মনে কী শান্তি আছে? অবৈধভাবে, অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে মনে কখনই শান্তি থাকে না। পতনের শঙ্কায় আপনার দুশ্চিন্তা সব সময় থাকবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, আপনি এক এক করে গণতন্ত্র হরণ করেছেন, নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন এবং মানুষের মৌলিক অধিকার-ভোটের অধিকার হরণ করেছেন। আপনি গণতন্ত্র ধ্বংস করে হরণতন্ত্র চালু করেছেন। তাও কি টিকতে পারবেন? এভাবে কি টিকে থাকা যায়?

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সমাবেশে মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার ভুঁইয়া, সাবিনা ইয়াসমীন, মাসুদা খানম লতা, নিলুফার ইয়াসমীন নিলু, সেলিনা হাফিজ, মর্জিনা আফসারী প্রমুখ বক্তব্য দেন।

বিক্ষোভ সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মিছিল করে মহিলা দল।