সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলা ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে মধ্য পৌষ চলছে। বাঙালির ঘরে ঘরে তাই পিঠে-পার্বণের তোড়জোড় চলছে। ভাপা, পাটিসাপটা, সর পড়ে যাওয়া ঘন দুধের পায়েস থেকে দুধপুলির মিষ্টি গন্ধে বছরের এই সময়টায় আকাশ-বাতাস ভরে ওঠে। সেই গন্ধে মিশে থাকে পাটালি গুড়ের মন আনচান করা সুবাস।
আর তাই শীতেই সবচেয়ে বেশি গুড় কেনার হিড়িক পড়ে বাঙালির। পিঠের স্বাদ কেমন হবে, তা অনেকাংশে নির্ভর করে গুড়ের গুণমানের উপর। ইদানিং অবশ্য ভেজাল গুড়ে ছেয়ে গেছে বাজার। কোনটি আসল, কোনটি নকল, সেটা চেনা সহজ নয় একেবারেই। গুড় কেনার আগে জহুরির চোখ দিয়ে দেখেশুনে নিতে হবে। না হলেই ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল। পাটালি গুড় কেনার আগে কোন বিষয়গুলো যাচাই করে নেবেন?

স্বাদ
গুড় কেনার আগে এক টুকরো ভেঙে মুখে দিন। স্বাদ যদি নোনতা হয়, না কেনাই ভালো। নোনা গুড় কোনোভাবেই খাঁটি হতে পারে না। ভেজাল মেশানো থাকলেই সাধারণত এমন হয়।
বর্ণ
গুড়ের রং সাধারণত হালকা বাদামি হয়। কিনতে গিয়ে যদি দেখেন রং একটু বেশি কালচে হয়ে গেছে, সেটা না নেওয়াই ভালো। অনেক সময় গুড়ের উপরে সাদা আর হলদে স্তর পড়ে যায়। রাসায়নিক মেশানো থাকলেই এমন রং বদলে যেতে পারে। তাই কেনার আগে সাবধান থাকা জরুরি।
গন্ধ
ভালো মানের পাটালির নিজস্ব গন্ধ থাকে। দূর থেকেই গন্ধে ম ম করে চারিদিকে। কেনার আগে নাকের কাছে এনে একবার শুঁকে নিন। গন্ধের বিশেষ তীব্রতা না থাকলে কেনার দরকার নেই। অনেক সময় রাসায়নিক নানা সামগ্রী মেশানোর কারণে গুড়ের আসল গন্ধ চাপা পড়ে যায়।
সূত্র: যুগান্তর









