অর্থ ও বাণিজ্য

ক্ষতিগ্রস্তদের জন্য আসছে ৮৫০ কোটি টাকার তহবিল

নিউজ ডেস্ক৩ মে ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন বাজেটে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণ সুবিধা দিতে ফের সাড়ে ৮০০ কোটি টাকার তহবিল গঠন করা হবে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে অনুমোদন দিয়েছে।

আইসিবির মাধ্যমে বিতরণ করা ঋণ ও সুদ হিসেবে ৮৫৬ কোটি টাকা আদায় করা হয়। এই অর্থ আগামী ২০২২ সাল পর্যন্ত পুনরায় বিতরণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

আইসিবির এই তহবিল বিতরণে কয়েকটি শর্ত দিয়েছে অর্থ বিভাগ। এই তহবিলের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। অর্থ বিভাগ এর মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে। বিতরণকৃত ঋণ পরিশোধের মেয়াদ হবে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত।

শর্তে আরও বলা হয়, আইসিবির মাধ্যমে এই তহবিল ঋণ আকারে বিতরণ করা হবে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ছাড়াও এই ঋণ বড় পরিসরে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসের তারল্য জোগান দেবে। এর জন্য দায়িত্ব দেয়া হবে তদারক কমিটিকে।

সূত্র মতে, পুঁজিবাজারের স্থিতিশীলতা আনার ক্ষেত্রে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় বিশেষ স্কিমে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নিয়োগকারীদের জন্য পুনঃঅর্থায়ন বাবদ ৯০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। ফান্ডের নাম দেয়া হয় ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’।

এই তহবিল থেকে বিতরণ করা অর্থ আদায় করা হয় সুদসহ। যার আকার ৮৫৬ কোটি টাকা। এই অর্থ পুনরায় বিতরণের সিদ্ধান্ত দেয়া হয়।