ধর্ম

কোনো পেশাদার মুয়াল্লিম দিয়ে বদলি হজ করানো যাবে?

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : আমার মা বর্তমানে ৭৩ বছর বয়সী বৃদ্ধা, ফলে তিনি শারীরিকভাবে দুর্বল ও হজে যেতে অক্ষম। সম্প্রতি আমি নিজের জন্য হজের নিবন্ধন করেছি। যে হজ এজেন্সির মাধ্যমে আমি নিবন্ধন করেছি, তারা আমার কাছ থেকে জানতে পারে যে আমার মায়ের বদলি হজ করানোর ইচ্ছা আছে। তখন তারা প্রস্তাব দেয় যে তাদের সাপোর্ট টিমের একজন সদস্য, যিনি আগামী হজ মৌসুমে হজ কাফেলার দায়িত্ব পালনের জন্য পবিত্র মক্কায় যাচ্ছেন, তিনি আমার মায়ের পক্ষ থেকে হজ পালন করতে পারেন।

তারা আমাকে জানায় যে শুধু বিমানভাড়া এবং কিছু সীমিত খরচ বহন করতে হবে; হোটেল ও খাবারের জন্য আলাদা খরচ লাগবে না। তারা আনুমানিক চার লাখ টাকার প্রস্তাব দিয়েছে, যা আমি কিছুটা আলোচনার মাধ্যমে কমানোর ইচ্ছা রাখি। এই প্রস্তাব গ্রহণ করা কি শরিয়তসম্মত হবে? আমি কি এ বিষয়ে এগোতে পারি?

-মোহাম্মদ নজমুদ্দোজা, বসুন্ধরা, ঢাকা

উত্তর : শরিয়তের দৃষ্টিতে ফরজ বদলি হজ সহিহ হওয়ার জন্য প্রেরণকারীর আদেশ এবং তার পক্ষ থেকে হজের সম্পূর্ণ অথবা বেশির ভাগ খরচ বহন করা জরুরি। অতএব, প্রশ্নোক্ত হজ এজেন্সির সঙ্গে চুক্তির ক্ষেত্রে যদি হজের বেশির ভাগ খরচ আপনার মায়ের পক্ষ থেকে বহন করার শর্ত করা হয়, তাহলে বদলি হজ আদায় হয়ে যাবে, অন্যথায় আদায় হবে না।

উল্লেখ্য যে বদলি হজ এমন কোনো দ্বিনদার আলেমের মাধ্যমে করানো উচিত, যিনি হজের মাসায়েল সম্পর্কে অভিজ্ঞ এবং এর আগে নিজের হজও আদায় করেছেন। (আদ্দুররুল মুখতার : ১/১৮১, রাদ্দুল মুহতার : ২/৬০২, কিতাবুন নাওয়াজিল : ৭/৫৯২, মুআল্লিমুল হুজ্জাজ, পৃষ্ঠা-৩০৪)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।