সিল্কসিটিনিউজ ডেস্কঃ
মহাভারতের শ্লোক ৬৯-৭০-এ রয়েছে : যক্ষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, সব প্রশংসনীয় বস্তুর মধ্যে সেরা কোনটি? সব ধনের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? সব প্রাপ্তির সেরা কোনটি? সব সুখের শ্রেষ্ঠ কোনটি? উত্তরে যুধিষ্ঠির বললেন, দক্ষতা হল শ্রেষ্ঠ প্রশংসনীয় বস্তু। সব ধনের সেরা ধন হল বিদ্যা। সব প্রাপ্তির সেরা হল সুস্বাস্থ্য। আর সব সুখের শ্রেষ্ঠ সুখ হল সন্তুষ্টি।
২০ মার্চ ছিল আন্তর্জাতিক সুখ দিবস। এ দিবসটি উপলক্ষে প্রতি বছর জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) থেকে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হয়। ২০১২ সাল থেকে জাতিসংঘ এ প্রতিবেদনটি প্রকাশ করে আসছে। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় এবার শীর্ষ অবস্থানে আছে ফিনল্যান্ড।

এ বছর এমন একসময় সুখ দিবস পালন করা হয়েছে, যখন পুরো বিশ্ব লড়াই করছে করোনাভাইরাসের বিরুদ্ধে। চীনের উহান নগর থেকে সৃষ্ট এ মহামারীটি বিশ্বে ছেয়ে গেছে। ইতিমধ্যে সারা বিশ্বে প্রায় তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং এগারো হাজারেরও বেশি মারা গেছে।
এ অবস্থায় বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। বিভিন্ন দেশের সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। লকডাউন হয়ে গেছে ইউরোপসহ বিশ্বের অনেক দেশ। রাস্তাঘাট, মার্কেট, পার্ক, স্কুল-কলেজ কোথাও মানুষ নেই। কোটি কোটি মানুষ হোম কোয়ারেন্টিনে দিনাতিপাত করছে। করোনার থাবা থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। ২০ মার্চ পর্যন্ত দেশে ২০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে একজন। লকডাউন করা হয়েছে শিবচর। রাজশাহী থেকে সব দূরপাল্লার বাস বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ বিমান তার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ রাখার কথা জানিয়েছে। ওয়াজ-মাহফিল, সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সর্বত্র বিরাজ করছে আতঙ্ক। মানুষের মধ্যে হাহাকার। বস্তুত এখন পৃথিবীর কোনো দেশই সুখে নেই।
সঠিকভাবে সুখ পরিমাপ করা অত্যন্ত কঠিন। তাহলে কিসের ওপর ভিত্তি করে এ হ্যাপিনেস রিপোর্ট করা হয়? প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সুখী দেশের তালিকাটি তৈরি করতে ছয়টি মানদণ্ডকে বিবেচনায় নেয়া হয়। এ ছয়টি মানদণ্ড হল- মোট দেশজ উৎপাদন বা জিডিপি, স্বাস্থ্যকর জীবনের প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা, সামাজিক সমর্থন এবং দুর্নীতিবিহীন সরকার ও ব্যবসা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের সংক্রমণ থেকে পৃথিবীর মানুষকে বাঁচাতে দিন-রাত কাজ করে যাচ্ছে। প্রতিষেধক বানাতে বিজ্ঞানীদের গবেষণা কাজে বিশ্রাম উড়ে গেছে। উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, মধ্য আয়ের দেশ, গরিব দেশ- সবই এক কাতারে। করোনার ছোবলে সব দেশের মানুষের মনে ‘অসুখের’ আগমনে সুখ দূরীভূত। তাই এ বছর সুখ দিবসে এ ছয়টি ফ্যাক্টরের চেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে- কোন্ দেশ করোনাভাইরাস কতটা সফলভাবে মোকাবেলা করতে পারছে, তার ওপর। সবার প্রত্যাশা, করোনা থেকে সারা বিশ্ব অতি শিগগির মুক্তি পাবে এবং খোঁজ পাবে সুখের।
এমদাদুল হক সরকার : শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়










