সিল্কসিটিনিউজ ডেস্ক:
দুই বছর পর হিন্দি ছবিতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। ১৪ আগস্ট মুক্তি পাবে তাঁর অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘ওয়ার ২’। বহুল আলোচিত ছবিটির ট্রেলার-গানও দর্শকের মাঝে আগ্রহ তৈরি করেছে। তবে বিপত্তি ঘটল সার্টিফিকেশন বোর্ডে গিয়ে।
ছবির একাধিক দৃশ্য কর্তনের নির্দেশ দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন; খবর বলিউড হাঙ্গামার।
ছবিটির রোম্যান্টিক গান ‘আবান জাবান’-এ বিকিনি পরে অভিনয় করেছেন কিয়ারা। দৃশ্যটি নিয়ে সামাজিক মাধ্যমেও চর্চা হয়েছে ঢের। যদিও সার্টিফিকেশন বোর্ড প্রকাশ করেনি কোন দৃশ্যে কাঁচি চালিয়েছে।

তবে সূত্র বলছে, কিয়ারার ‘আবেদনময়ী’ দৃশ্যেই আপত্তি তাদের। ফলে দৃশ্যটি ছবিতে শেষ পর্যন্ত না-ও থাকতে পারে। মারকাট অ্যাকশন নিয়ে কোনো আপত্তি নেই বোর্ডের; বরং ‘আবেদনময়ী’ দৃশ্যের উপস্থিতি যতখানি রয়েছে, সেটাকে অর্ধেক করার নির্দেশ দেওয়া হয়েছে। সব নির্দেশ মেনে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে ‘ওয়ার ২’।
এটি সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ছবি ‘ওয়ার’-এর সিক্যুয়াল। ছবিটির প্রধান দুই আকর্ষণ হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর।









