সিল্কসিটিনিউজ ডেস্ক :
হলিউডে ফের বাজছে বিচ্ছেদের সুর। অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও গ্র্যামিজয়ী সংগীতশিল্পী কিথ আরবানের সংসার ভাঙছে। ২০০৬ সালের জুনে বিয়ে করেছিলেন তাঁরা। প্রায় দুই দশকের সংসারে ইতি টানছেন এই তারকাজুটি।
যদিও কী কারণে বিচ্ছেদ হচ্ছে, বিষয়টি এখনো জানা যায়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, কয়েক মাস ধরেই তাঁরা আলাদা থাকছেন।
কিথ ও নিকোল দুজনেরই বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। তবে তাঁদের পরিচয় হয় ২০০৫ সালে লস অ্যাঞ্জেলসের একটি অনুষ্ঠানে।

এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেম। পরের বছর জুনে তাঁরা অস্ট্রেলিয়ার সিডনিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংসারে তাঁরা দুই কন্যার জনক হয়েছেন। বড় মেয়ে সানডে রোজের বয়স এখন ১৭, ছোট মেয়ে ফেইথ মার্গারেটের বয়স ১৪ বছর।
বিভিন্ন সময়ে কিথ ও নিকোল একে-অপরের প্রতি মুগ্ধতা ও ভালোবাসার কথা জানিয়েছেন। পুরস্কারের আয়োজন হোক বা কোনো পার্টি—সবখানে একসঙ্গেই হাজির হতেন তাঁরা। গত বছর সম্মানজনক এএফআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান নিকোল। সে সময়ও তাঁর পাশে ছিলেন কিথ। কিন্তু সেই মধুর পথচলায় ইতি টানলেন দুজনে।
কিথের আগে হলিউড তারকা টম ক্রুজকে বিয়ে করেছিলেন নিকোল। ১৯৯০ সাল থেকে ২০০১ পর্যন্ত ছিল তাঁদের সংসার।









