সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশের করা ৫৯৫ রানের পাহাড়সম স্কোরের পর ব্যাটিংয়ে নেমে প্রথমেই উইকেট খোয়ালো নিউজিল্যান্ড। দলীয় ৫৪ রানের মাথায় সাজঘরে ফিরেছেন বাহাতি কিউই ব্যাটসম্যান জিত রাভাল।

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা রাভাল টাইগার রাব্বির প্রথম বলেই সাজঘরে ফেরেন। অফ স্টাম্পের বল কাট করতে গিয়ে স্লিপে ইমরুলের তালুবন্দি হন তিনি।
বরিশালের এ ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলারের এটি তৃতীয় টেস্ট ম্যাচ ও টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় উইকেট।
২০১৬ সালের অক্টোবরে চট্টগ্রামে ইংলান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রাব্বির।
এর আগে বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৩ সালের ৮ মার্চ গালে-এ শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ রান করে টাইগাররা। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।
দ্বিতীয় দিনের ব্যাটিং শেষে সাত উইকেটে টাইগাররা তোলে ৫৪২ রান। তবে তৃতীয় দিনের শুরুতে সাজঘরে ফেরেন তাসকিন।
প্রথম ইনিংসে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি আসে সাকিবের ব্যাট থেকে। দলীয় ৫৩৬ রানের মাথায় নেইল ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে ২৭৬ বলে ২১৭ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন বাংলাদেশের ‘ক্রিকেট বিজ্ঞাপন’। তাতে ছিল ৩১টি চারের মার।
দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন ইনজুরি থেকে ফেরা অধিনায়ক মুশফিকুর রহিম। ১৫৯ রানের (২৬০ বল) ঝলমলে ইনিংস খেলে মাঠ ছাড়েন ‘মি. ডিপেন্ডেবল’। এছাড়া তৃতীয় ব্যাটসম্যান হয়ে নামা মুমিনুলের ব্যাট থেকে আসে ৬৪ রান, ওপেনার তামিম করেন ৫৬ রান।
নিউজিল্যান্ডের পরে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওয়াগনার। আর দু’টি করে উইসেট নেন বোল্ট ও সাউদি।
সূত্র: বাংলা নিউজ










