সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড দলে রাখা হয়নি রস টেলরকে। তার পরিবর্তে ১৪ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন লুক রঞ্চি।
আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টির পর প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে তারা।

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ স্কোরার টেলর। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে দলের বাইরে রাখা হয়েছে তাকে। শুক্রবার অকল্যান্ডে একমাত্র টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের স্বাগত জানাবে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টিতে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে নিউজিল্যান্ড দলের নির্বাচক গ্যাভিন লারসেন বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা টি-টোয়েন্টিতে যে পারফর্ম করেছিলাম তা সত্যিই আনন্দের ছিল। আমরা দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে ধারাবাহিক পারফর্ম করে আসছি। আমাদের দলে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। দলের তরুন খেলোয়াড়রাও ভালো করছেন।’
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুসি, লকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কলিন মানরো, জেমস নিসহাম, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইস শোধি, টিম সাউদি, বেন হুইলার।
সূত্র: রাইজিংবিডি










