
সামাউন বশির:
লোকে বলে ‘কল্পনা সিনেমা হল মোড়’। রাজশাহী নগরীর অন্যতম পরিচিত একটি স্থান। আলুপট্টি মোড়ের অদূরেই ঐতিহ্যবাহী সেই ‘কল্পনার মোড়’ এখন ‘স্বচ্ছ টাওয়ার’ নামে পরিচিত। নগরীর নিউ মার্কেটের পাশে ছিল ‘উপহার’ সিনেমা হল। যেটির এখন চিহ্ন মাত্র নেই। বর্তমানে বিভিন্ন বিল্ডিং ডেভেলপার কোম্পানি বহুতল ভবন নির্মাণ করে টাকার বিনিময়ে টাকাওয়ালাদের হাতে ‘উপহার’ হিসেবে প্লট আকারে তুলে দিচ্ছেন। শুধু ‘কল্পনা’ কিংবা ‘উপহার’ সিনেমা হলই নয়; নগরীতে একসময়ের আলোচিত সিনেমা হল বর্ণালী, লিলি, উৎসব ও স্মৃতি সিনেমা হল যেন এখন শুধুই ‘স্মৃতি’।
এক সময় রাজশাহী নগরীতে এই ছয়টি সিনেমা হলই চালু ছিল। এখন সবক’টি বিলীন। দেশের বিভিন্ন স্থানে ঈদকে ঘিরে অনেক বন্ধ হল চালু হলেও রাজশাহীতে আর চালু হয়নি একটিও। নানা প্রতিবন্ধকতা ও সাংস্কৃতিমনা উদ্যোগের অভাবে বিভাগীয় শহর রাজশাহীতে একটি সিনেমা হলও আর টিকে নেই। সিনেমা না চলার অজুহাতে হারিয়েছে উৎসবের সেই জৌলুস।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ পরবর্তী বিভিন্ন সময়ে নগরীর পাঁচটি সিনেমা হল বন্ধ হয়ে যায়। ২০১৮ পর্যন্ত টিকে ছিল ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ‘উপহার’ সিনেমা হল। ২০১৮ সালের ১২ অক্টোবর থেকে সেটিও বন্ধ করে দেওয়া হয়। এর এক বছরের মধ্যে জেলার আরও ছয়টি সিনেমা হল বন্ধ হয়ে যায়। সেগুলো হলো- দুর্গাপুর উপজেলার ‘নার্গিস’, পবা উপজেলার নওহাটায় ‘বাবুল’, তানোর উপজেলায় ‘আনন্দ’, মোহনপুর উপজেলার কেশরহাটের ‘দিগন্ত’, কাটাখালীর ‘রাজ তিলোক’ ও বাগমারা উপজেলার ‘শাপলা’ সিনেমা হল। নগরীর একমাত্র সিনেমা হল ‘উপহার’ বন্ধ করার ঘোষণার পরপরই আন্দোলনে নামেন সাংস্কৃতিমনা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কিন্তু তা আর আলোর মুখ দেখেনি।
রাজশাহীর প্রবীণ ব্যক্তি মুখের বাণী, আশির দশক থেকে শুরু করে বিংশ শতাব্দী পর্যন্ত ভালোই চলছিল রাজশাহীর সিনেমা হল। তবে ইন্টারনেটের যুগে এসে ঝিমিয়ে পড়ে সিনেমা হল ব্যবসা। ফলে একে একে বন্ধ হয়ে যায় সবগুলো সিনেমা হল।
রাজশাহী নগরীর ব্যস্ততম এলাকা অলোকার মোড়। এ নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে রাজশাহীর সবচেয়ে প্রাচীন সিনেমা হলের নাম। ব্রিটিশ আমলে নাট্য আন্দোলন এগিয়ে নিতে ভিক্টোরিয়া ড্রামাটিক ক্লাব ‘রাজা প্রমথ নাথ টাউন হল’ নির্মাণ করা হয়। এ অঞ্চলে বাংলা সাহিত্য ও নাট্য চর্চার তীর্থভূমি ছিল হলটি। ১৯১৯ সালের ২ এপ্রিল ভিক্টোরিয়া ক্লাবের কাছ থেকে হলটি কিনে নেয় রাজশাহী অ্যাসোসিয়েশন। ১৯৭১ সালের পর হলটি অ্যাসোসিয়েশনের কাছে ভাড়া নিয়ে অলোকা নাম দিয়ে শুরু হয় সিনেমা প্রদর্শন। নব্বইয়ের দশকে এটি স্মৃতি সিনেমা হল নামে পরিচালিত হতো।
২০০৭ সালে সিনেমা প্রদর্শন বন্ধ করে ভেঙে ফেলা হয় হলটি। হলের জায়গায় ২০১২ সালে উঠে দাঁড়ায় রাজশাহী অ্যাসোসিয়েশনের বাণিজ্যিক ভবন। সেখানে আধুনিক হল নির্মাণের কথা থাকলেও সেটি করা হয়নি। অলোকার মোড়ে আজ সিনেমা হল না থাকলেও নামটি রয়ে গেছে নগরবাসীর মুখে মুখে। একই দশা নগরীর লিলি, উৎসব ও বর্ণালী সিনেমা হলের।
পাকিস্তান আমলে নগরীর কাদিরগঞ্জ ও আমবাগান এলাকায় বাবুল ও রুবেল চৌধুরী নির্মাণ করেন বর্ণালী সিনেমা হল। ১৩৭৩ আসনের এ হলটি ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম প্রেক্ষাগৃহ। ২০০৯ সালে সিনেমা হলটি কিনে নেয় ডেসটিনি ২০০০ গ্রুপ। ২০১০ সালে গুঁড়িয়ে দেয়া হয় হলটি। পরে সেখানে ডেসটিনি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার নির্মাণকাজ শুরু হয়। আইনি জটিলতায় বাণিজ্যিক ভবন নির্মাণ করতে পারেনি ডেসটিনি গ্রুপ। জায়গাটি এখন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দখলে। সেখানে অস্থায়ী গ্যারেজ বানিয়েছে রাসিক। এখনো নগরবাসী এলাকাটিকে বর্ণালী মোড় নামেই চেনেন।
এদিকে নগরীর কল্পনার মোড় দেখে বোঝার উপায় নেই এখানে একসময় সিনেমা হল ছিল। হলের জায়গায় দাঁড়িয়ে আছে আকাশচুম্বী স্বচ্ছ টাওয়ার। এই টাওয়ারের নিচেই চাপা পড়েছে কল্পনা। ব্রিটিশ আমলে নগরীর আলুপট্টি এলাকায় কল্পনা সিনেমা হল চালু হয়। মুক্তিযুদ্ধের সময় কল্পনার অংশীদাররা সবাই ভারতে পাড়ি জমান। ১৯৭১ সালের পর রাজশাহী সিন্ডিকেটের ম্যানেজার দীনবন্ধু দেশে ফিরে হলটি হস্তান্তর করেন ঢাকার মোশাররফ চৌধুরীর কাছে। তার মৃত্যুর পর হলের নিয়ন্ত্রণ যায় রাজশাহীর রাজপাড়ার বাসিন্দা আব্দুর রহমানের কাছে। তিনি কল্পনা পরিবর্তন করে নাম দেন ‘উৎসব’।
২০১০ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে উৎসবে প্রদর্শনী বন্ধ করা হয়। সেখানে এখন গড়ে উঠেছে ১৭ তলা বিশিষ্ট টাওয়ার। নগরীর পশ্চিম প্রান্তে একসময় চলতো লিলি সিনেমা হল। ব্যবসায় লোকসান দিতে দিতে ২০১০ সালে বন্ধ হয়ে যায় লিলি। পরে প্লট আকারে বিক্রি হয় হলের জমি। একে একে সব হল বন্ধ হলেও টিকে ছিল উপহার হলটি। ২০১৮ সালের ১২ অক্টোবর সেটিও বন্ধ হয়ে যায়। সাড়ে ২৪ কাঠা আয়তনের এ জায়গায় এখন গড়ে উঠছে বহুতল বাণিজ্যিক ভবন।
বাংলাদেশে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলি প্রদর্শনী হত এই সিনেমা হলগুলোতে। একসময় সিনেমা হলগুলোর বাহিরে জমা ভিড় যেন এখন শুধুই স্মৃতি। সম্প্রতি রাজশাহী থেকে তৌকির ইসলাম শাইখ এর পরিচালনায় নির্মিত লোকাল ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছিল।
এ বিষয়ে তৌকির ইসলাম শাইখ এর অভিব্যক্তি জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমা একটি শিল্প যা মানুষের মেধা, মনন চিত্তবিনোদনের জন্য খুব জরুরি একটা মাধ্যম। সেই শিল্প মাধ্যম চলার মূল জায়গা সিনেমা হল। অথচ রাজশাহীর মত বিভাগীয় শহরে একটি সিনেমা হলও নেই। সংস্কৃতি ও চিত্তবিনোদনের জন্য হলে রাজশাহীতে অন্ততপক্ষে অত্যাধুনিক সিনেমা হলের বড়ই প্রয়োজন।’
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাংলাদেশে পূর্বের তুলনায় অনেক ভালো মানের সিনেমা, ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো- আয়নাবাজি, দহন, পোড়ামন, পরান,হাওয়া, দিন দ্য ডে ইত্যাদি। সেসকল চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে দেশের বিভিন্ন জেলার সিনেমা হল আর সিনেপ্লেক্সে। সেক্ষেত্রে রাজশাহীর জনগণ সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছে। যার ফলে সিনেমাপ্রেমী অনেকেই রাজশাহী জেলার বাহিরে অন্যান্য জেলার সিনেমা হলগুলোতে গিয়েসিনেমা দেখছেন।
ক্ষোভ প্রকাশ করে রাজশাহীবাসীর অনেকেই জানান, সিনেমা তাদের সংস্কৃতির অংশ। আর দেশে সিনেমা হল বিলুপ্ত হয়ে গেলে সংস্কৃতির একটা অংশ ক্রমস নিঃশেষ হয়ে যাবে। ওটিটি প্লাটফর্ম থাকলেও দেশের অধিকাংশ মানুষ ওটিটি ব্যবহার করেন না। ফলে সিনেমা হলের প্রয়োজন আছে। যেখানে সিনেমা হল এমন একটা জায়গা যেখানে দেশের সব শ্রেণি-পেশার মানুষ বাংলাদেশের নির্মিত চলচ্চিত্রগুলো দেখার সুযোগ পান।
বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাও সিনেমা হল না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নাওয়ারা তাবাস্সুম বলেন, ‘আমরা ছাত্রী। আমাদের সব সময় বাহিরে যাওয়ার সুযোগ হয়ে উঠে না। স্টুডেন্ট হিসেবে বাহিরে গিয়ে সিনেমা দেখার খরচটা ব্যয়বহুল। সেক্ষেত্রে রাজশাহীতে সিনেমা হল থাকলে আমরা খুব সহজেই হলে গিয়ে সিনেমা দেখতে পারি। সিনেমা হল তৈরীর পাশাপাশি হলে নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে করতে হবে। যেন পরিবার নিয়েও সাচ্ছন্দ্যে সিনেমা উপভোগ করা যায়। বর্তমানে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে রাজশাহীতে সিনেমা হল দরকার।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা অধ্যাপক ড. সাজ্জাদ বকুল বলেন, ‘একটা শহরে যেসব অনুষঙ্গ থাকে তার মধ্যে সিনেমা হল গুরুত্বপূর্ণ। আমাদের রাজশাহীতেই এক সময় ৫-৬টি সিনেমা হল ছিল। কল্পনার মোড়, অলকার মোড়, বর্ণালীর মোড়- এসব জায়গার নামগুলো এসেছে সেসব স্থানের সিনেমা হলের নামেই। রাজশাহীর জনমানসে সেসব সিনেমা হলের স্মৃতি এখনো তরতাজা। কিন্তু আজ সেই কল্পনা হল (পরবর্তীকালে উৎসব হল), অলকা হল (পরবর্তীকালে উৎসব হল), বর্ণালী সিনেমা হল সব বিলুপ্ত হয়ে গেছে। সর্বশেষ ২০১৮ সালে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী বিভাগীয় শহর রাজশাহীর সর্বশেষ সিনেমা হল ‘উপহার’। রাজশাহী শহর পুরোদস্তুর আধুনিক শহর হিসেবে গড়ে উঠছে। দেশের গণ্ডি ছাড়িয়ে দে্শের বাইরেও এই শহরের সুনাম ছড়িয়ে পড়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, এখন এই শহরে কোনো সিনেমা হল নেই। নাটকের চর্চাও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। মূলত নাটক, সিনেমা প্রদর্শনের জন্য সিনেমা হল বা মিলনায়তনের অভাবের কারণে এই চর্চা আজ হুমকির মুখে ‘
দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন ,‘সুস্থ বিনোদনের অভাবে সমাজে মাদক, ধর্মান্ধতা বা জঙ্গিবাদের বিকাশ ঘটছে। এ ক্ষেত্রে আমরা আরো ঝুঁকির মুখে পড়েছি। আমি একজন চলচ্চিত্রকর্মী হিসেবে নগরপিতাসহ শহরের ব্যবসায়ীদের কাছে দাবি জানাবো, রাজশাহীতে সরকারি বা বেসরকারি উদ্যোগে সিনেমা হল গড়ে তোলা হোক। অলকা হল ভেঙে ফেলার পরে তার জায়গায় গড়ে ওঠা জনকল্যাণমূলক রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের একটি তলায় সিনেমা ও নাটক প্রদর্শনের উপযোগী মিলনায়তন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছিলেন বলে শুনেছি। সম্প্রতি এর বর্তমান নেতৃত্বের কয়েকজনের সাথে আমার এ বিষয়ে কথা হয়েছে। তাদের অনুরোধ করেছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। আশা করবো, অচিরেই শিক্ষা ও সংস্কৃতির জন্য খ্যাত শহর রাজশাহীতে সুস্থ বিনোদনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত অন্তত একটা সিনেমা হল গড়ে উঠবে ‘
সিনেমা হলে সিনেমা দেখার স্মৃতি রমন্থন করে রাজশাহী থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম বলেন, ‘যখন আমরা কলেজে ক্লাস শেষ করি সে সময় আমাদের উৎসব ও ছুটির আনন্দের জায়গা ছিল আমাদের সিনেমা হল। সে সময়ের তুলনায় আপনারা তো সিনেমা হল দেখেনই নি । যাই হোক যার অবস্থান শেষ তা যদি আবারো সেই অবস্থানে আনা যায় তাহলে তো ভালো। দেখেন এটার কোন ভাল সাড়া জাগ্রত করতে পারেন কিনা । আমিতো অবশ্যই এটাকে ভালোবাসার জায়গা থেকে দেখি।’
এএইচ/এস









