সিল্কসিটিনিউজ ডেস্ক:
উত্তপ্ত যোগীর রাজ্য৷ উত্তরপ্রদেশের গাজীপুরে ফের ধর্মান্তকরণের ঘটনা সামনে এল৷ দুটি হিন্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, খানপুর এলাকার জলদিপুর, নেওয়াদা এবং বুঝবল গ্রামে প্রায় ৩০ টি হিন্দু পরিবার খ্রীস্টান ধর্ম গ্রহণ করেছে৷
যদিও সেই পরিবারের কেউ তা স্বীকার করেনি বলেও খবরে প্রকাশিত৷ কিন্তু এই গ্রামগুলির বহু বাড়িতেই খ্রীস্টান ধর্মের ক্রস চিহ্ন দেখা গিয়েছে৷ এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই জেলা প্রশাসক থেকে এই বিষয়ে অনুসন্ধানের আদেশ দেওয়া হয়েছে৷


ওই খবরে দাবি করা হয়েছে, তিনটি গ্রামের প্রায় ৩০টি পরিবার খুব গোপনে এই ধর্মান্তরিত হওয়ার কাজটি করেছে৷ বেস কয়েকটি ঘরের বাইরে ক্রস চিহ্নও দেখা গিয়েছে৷ এমনকি ঘরের মধ্যেও খ্রীস্টের ছবি দেখা গিয়েছে বলে জানানো হয়েছে৷ কিন্তু এই বিষয়টি নিয়ে সকলেই মুখে কুলুপ এঁটেছে৷
তবে পরিবারের ছোটরা চার্চে যাওয়ার কথা এবং খ্রীস্টের কাচে প্রার্থনার কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে৷ মনে করা হচ্ছে, অসুস্থতা এবং অন্যান্য সমস্যা থেকে মুক্তি পেতেই এই ধর্ম পরিবর্তনকে সমাধান হিসেবে ধরে নিয়েছে পরিবারগুলি৷ তবে কারও কারও মতে, হিন্দু সমাজের দরিদ্রদের প্রলোভন দেখিয়ে তাদের ধর্ম পরিবর্তনের পথে নিয়ে যাচ্ছে৷
এদিকে ডিএম কে বালাজি জানিয়েছেন, এর আগে জোনপুর জেলার চন্দবক এলাকায় ধর্ম পরিবর্তনের ঘটনা সামনে এসেছিল৷ আর এবার গাজিপুরের ঘটনা৷ কেন এই ধরণের ঘটনা ঘটল বা আদৌ ঘটেছে কি না সেই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ কলকাতা 24









