শহিদুল ইসলাম
১. সুবিধাবঞ্চিত শিশুরা করোনাকালে নিঃশেষ সুবিধাহীনতার তলানিতে হাবু-ডুবু খাচ্ছে। মহামারি করোনা (কোভিড-২০১৯) আমাদের সবকিছুকে থমকে দিয়েছে। নতুন রুপ, নতুন কিছু নিয়ম আর পরিস্থিতির সাথে খাপ খেয়ে নিতে হচ্ছে। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ এখন সারা পৃথিবীর প্রতিটি দেশে অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মুক্ত থাকেনি মহাকাশে বিচরণ করা মানুষসহ সমুদ্রের ভেসে বেড়ানো জাহাজের নাবিক। সর্বত্রই মহামারী করোনা ভাইরাসের থাবায় নাস্তানাবুদ গোটা মানব সমাজ।

বিজ্ঞানের নানা বিশ্লেষণে দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে থাকতে পারে এই ভাইরাসের তান্ডব। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে আমরা যে যার মতো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন দেশে লকডাউন, সামজিক দুরুত্বসহ নানা কৌশল গ্রহণ করা হয়েছে। লকডাউন এবং সামাজিক দুরুত্ব দিনে দিনে দীর্ঘায়িত হচ্ছে। করোনা প্রতিরোধে বাংলাদেশেও প্রায় দুই মাস থেকে সামাজিক দুরুত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগেই বন্ধের ঘোষণা দিয়েছে। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই বন্ধের দিনগুলো। সাম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশে করোনা পরিস্থিতি উন্নতি না হলে আগামী সেপ্টম্বর পর্যন্ত সকল ধরণের স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমরা জানিনা এই পরিস্থিতি আরো কতোটা দীর্ঘায়িত হবে। তবে দীর্ঘায়িত যে হবে এটা অনেকটা নিশ্চিত জানা যায়। বিশেষ করে এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর খোলা যাচ্ছেনা।
২. সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অনলাইন ভিত্তিক শিক্ষা শুরু করেছে দেশের শিক্ষা বিভাগ। অন্যান্য ক্লাসের সাথে প্রাথমিক ও গণশিক্ষা লেবেলের পাঠগুলোও সংসদ টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে একমুখি শিক্ষার মাধ্যমে। যদিও একই বিষয় শুধু পূর্ণপ্রচারেই ব্যস্ত তাঁরা। নিত্যনতুনতা আর শিশুদের আকৃষ্ট করার মতো দিকগুলোর নিয়ে আরো ভাবতে হবে তাঁদের। তারপরেও আমরা অনেকে এই সুবিধা পাচ্ছি। আমাদের বাসার টিভির বদৌলতে, ইন্টারনেটের অবদানে, নেটওয়ার্ক প্রাপ্তীর সুবিধাজনক অবস্থানের কারনে আমরা কেউ কেউ এই সুবিধা পাচ্ছি। কিন্তু শহর প্রান্তিক, বস্তিবাসী এবং গ্রামের ছাত্রদের নেটওয়ার্ক , ইন্টারনেট প্রাপ্তী অবস্থান সবমিলে একটা সমস্যা দেখা দিচ্ছে।একটি টিভি না থাকার কারনে বস্তির শিশুটি এই করোনাকালিণ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
শহরের বস্তিবাসী সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষা এবং শারিরীক মানসিক বিকাশ এমনিতেই নানাভাবে প্রতিবন্ধকতার শিকার। তারপরেও আবার মরার উপর খড়ার ঘা। করোনাভাইরাস প্রার্দুভাবে বস্তির প্রান্তিক শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা আর কোন চলার গতিও যেন থমকে দিয়েছে কঠিনভাবে। বস্তিবাসীর শিশু এবং শিক্ষার্থীদের জন্য স্বভাবিক সময়ে শহরে বিভিন্ন সময়ে তরুণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো লিখা পড়া এবং মানসিক বিকাশে কাজ করলেও করোনা ভাইরাসের কারনে সেটাও বন্ধ হয়েছে। টিভিতে অনলাইনে যে ক্লাস হচ্ছে সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শহর গ্রামের সুবিধাবঞ্চিত শিশু। তাদের ঘরে নেই টিভি , নেই কোন ইন্টার নেট ব্যবস্থা। পেটের দুবেলা খাবারের চিন্তায় যে অভিভাবক ব্যস্ত তাঁর ক্ষেত্রে আবার টিভি ইন্টারনেট শিক্ষা বিষয়টি দুরুহ। সার্বিক অবস্থায় বাঁধাগ্রস্ত হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষা এবং মনোবিকাশের জায়গা।
৩. সাম্প্রতি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং বরেন্দ্র অঞ্চল যুব সংগঠন ফোরামের আয়োজনে করোনাকালে শিশুর মনো-সামাজিক যত্ন ও সুরক্ষায় বড়দের করণীয়: তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক অনলাইন ভিত্তিক মুক্ত আলোচনা ও মতবিনিময় কালে তরুণ গবেষক ও শিশু অধিকারকর্মী মো. সাইফুর রহমান বলেন-“ এই করোনাকালে সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে সুবিধাবঞ্চিত প্রান্তিক শিশু; এ সময় এই শিশুরা পাচ্ছেনা পুষ্টিমান খাবার না পাচ্ছে শিক্ষার কোন ধরনের মিনিমাম সুযোগ সুবিধা।” মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রাজশাহীর হলিদা গাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোছা. সেলিনা খাতুন। তিনি বলেন-“ এই করোনাকালে শিশুদের মনোবিকাশের দিকটিকে বেশী গুরুত্ব দিতে হবে বড়দের। তানা হলে দীর্ঘ সময়ে শিশুর মানসিক রোগের সমস্যা দেখো দিতে পারে।”
৪. করোনাকালে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শিশুদের শিক্ষার কিছু কর্মসূচী গ্রহণ করলেও শহর এবং গ্রামের বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুর জন্য তেমন কোন সুব্যস্থা করেনি। গবেষণা পর্যবেক্ষণে দেখা যায় বস্তি এলাকার শিশু বালক বালিকাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির হার যথাক্রমে ৪৯% ও ৪৩% অথচ জাতীয় পর্যায়ে এই হার ৯০% এরও বেশী। আবার দেখা যায় চাহিদার তুলনায় বস্তি বা শহর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় অপ্রতুল। অসচেতনতা আর অভাবের কারনে ৬ থেকে ১৪ বৎসর বয়সী ব্যাপক সংখ্যক শিশু কিশোর-কিশোরী স্কুলে না যেয়ে শিশু শ্রমিকে পরিণত হয়েছে। এই অবস্থায় শত বাধাবিপত্তীকে জয় করে যারা স্কুলে ভর্তি হয়েছিলেন বা শিক্ষা শুরু করেছিলেন করোনাকালে তাদের সেই স্বপ্নও যেন বাঁধা গ্রস্ত হচ্ছে। অনলাইন বা টিভি কেন্দ্রিক যে শিক্ষা সাময়িকভাবে শুরু করা হয়েছে তা থেকে কোনভাবেই এই সুবিধাবঞ্চিত শিশুরা সুফল ভোগ করতে পাচ্ছেনা। কারণ তার ঘরে নেই টিভি, নেই ইন্টারনেট ব্যবস্থা। এমনকি যে ঘরে সে থাকে তার নেই কোন স্বাস্থ্য সম্মত বসবাসের ব্যবস্থা। বস্তির সেই শিক্ষার্থীর স্বপ্ন যেন ডুকরে মরছে বস্তির ঝুপড়ি ঘরে। করোনাকাল দীর্ঘায়িত হচ্ছে, তাই সুবিধাবঞ্চিত শিশু এবং শিক্ষার্থীদের শিক্ষা যেন সচল থাকে, অন্যদের মতো সেও যেন চলমান শিক্ষার অধিকার বা সুযোগগুলো পায় এ বিষয়ে ভাবতে হবে আমাদের দ্রুতই।
লেখক: শহিদুল ইসলাম (উন্নয়নকর্মী ও গবেষক)









