সিল্কসিটিনিউজ ডেস্ক :
বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অব্যাহতভাবে বেড়েই চলছে। জনগণের জন্য অপরিহার্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে মানুষের সংসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তদুপরি, শতাধিক পণ্যের ওপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে জনগণের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।’
আরোপিত শুল্কের কারণে মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচ আরও একদফা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘কর বাড়ানোর ক্ষেত্রে সরকারের বিবেচনায় নেওয়া উচিত ছিল যে, সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে।
কিন্তু সরকার বিষয়টির ওপর নজর রাখেনি বলে প্রতীয়মান হয়েছে।’
সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর বর্ধিত বাড়তি চাপ তৈরি না হয়, সেজন্য অবিলম্বে শতাধিক পণ্যের ওপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয় বিবৃতিতে।
সূত্র: কালের কণ্ঠ










