সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা যাওয়ার টিকেট কাটা ছিল ফিজিও ডিন কনওয়ের। কিন্তু বিমানে ওঠার আগে হঠাৎ বেঁকে বসলেন কনওয়ে, বেতন না বাড়ালে শ্রীলঙ্কায় যাবেন না! বেতন নিয়ে বিসিবির সঙ্গে দেনদরবারের চেষ্টা চালালেন প্রায় দুইদিন।
কিন্তু বিসিবি তার প্রস্তাবে সম্মত না হয়ে চাকরি থেকে বরখাস্ত করেছে। ইংলিশ এই ফিজিওর সঙ্গে চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া থেকে ফিজিও উড়িয়ে এনেছে বিসিবি। অস্ট্রেলীয় ফিজিও থিহান চন্দ্রমোহন অন্তর্বর্তীকালীন ফিজিও হিসেবে মুশফিক–মাশরাফিদের নিয়ে কাজ করবেন। স্কোয়াডের সঙ্গে আজই শ্রীলঙ্কার গলে যোগ দিয়েছেন চন্দ্রমোহন। তবে আজ কাজ শুরু করেননি। আনুষ্ঠানিকভাবে কাল থেকে কাজ শুরু করবেন ৩৭ বছর বয়সি চন্দ্রমোহন।

ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারে কাজ করেছেন চন্দ্রমোহন। এ ছাড়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টার্স ও ভিক্টোরিয়া বুশরেঞ্জার্সের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে চন্দ্রমোহনের। ২০১৬ সালের ডিসেম্বরে বাংলাদেশ শিবিরে যোগ দেন কনওয়ে। অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড এবং ভারত সফরে দলের সঙ্গে কাজ করেন তিনি।
সূত্র: রাইজিংবিডি










