সদ্য প্রকাশিত
মতামত

কখন আইসিইউতে চিকিৎসা প্রয়োজন

নিউজ ডেস্ক৮ জুন ২০২০২ মিনিট পড়া
কখন আইসিইউতে চিকিৎসা প্রয়োজন

বেশিরভাগ কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর চিকিৎসা ঘরে বসেই সম্ভব। শতকরা ২০ ভাগ রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়, এর মধ্যে ৫ ভাগ রোগীর আইসিইউ লাগে।

কাদের আইসিইউ প্রয়োজন

-যাদের শ্বাসপ্রশ্বাসের হার প্রতি মিনিটে ৩০-এর বেশি হচ্ছে রক্তে অক্সিজেনের ঘনত্ব বা স্যাচুরেশন শতকরা ৯৩ ভাগের নিচে নেমে এসেছে এবং রোগীর অক্সিজেনের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। রোগীর আঙুলে পাল্স অক্সিমিটার নামের একটি যন্ত্র লাগিয়ে কিংবা ল্যাবরেটরিতে রক্তের এবিজি করে এর মাত্রা নিরূপণ করা সম্ভব।

-যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে মেডিকেল পরিভাষায় যাকে এআরডিএস বলে। বুকের একটি এক্সরে বা সিটিস্ক্যান করে এটি সহজে নিরূপণ করা যায়।

-যাদের মাল্টি অরগার ফেইলুরের মতো সমস্যা হচ্ছে অর্থাৎ দেহের একাধিক অঙ্গের কার্যকারিতা ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে রোগীর রক্তচাপ কমে যায় বা পাল্স রেট বা নাড়ির স্পন্দন বেড়ে যেতে থাকে।

-যাদের আগে থেকেই ফুসফুসের বা শ্বাসযন্ত্রের বিভিন্ন অসুখ রয়েছে যেমন অ্যাজমা, সিওপিডি। এছাড়া যারা ধূমপায়ী ও যাদের দীর্ঘদিন থেকে ডায়াবেটিস আছে তাদেরও শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে। তাদের আইসিইউ লাগতে পারে।

আইসিইউতে কী করা হয়

-প্রথমেই অক্সিজেনের মাত্রা বাড়ানোর ব্যবস্থা করা হয়। যত দ্রুত এ কাজটি করা যাবে রোগীর ভালো হওয়ার সম্ভাবনা তত বাড়বে। এটি করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। রোগীভেদে সেন্ট্রাল অক্সিজেন লাইনের মাধ্যমে নাসাল ক্যানুলা বা ফেস মাস্ক দিয়ে ৫-১৫ লিটার প্রতি মিনিটে অক্সিজেন দেয়া হয়। এটি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমেও করা সম্ভব।

-রক্তের রিপোর্ট দেখে কিংবা কোনো রোগী যদি খুব মুমূর্ষু থাকে তাহলে শিরাপথে উপযুক্ত অ্যান্টিবায়োটিক ৭ দিন দেয়া হয়।

-নেবুলাইজার, বাইপেপ বা সিপেপ মেশিন দিয়ে আইসিইউ বা হাসপাতালে চিকিৎসা করা নিরুসাহিত করা হয়। কারণ এ মেশিনের সাহায্যে করোনাভাইরাসের জীবাণু স্বাস্থ্যকর্মী ও অন্য রোগীদের মাঝে ছড়াতে পারে। বাসায় এ মেশিনের সাহায্যে চিকিৎসার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে করা যায়, এ রোগীদের বরং কিছু ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করতে বলা হয়।

-ঘন ঘন অর্থাৎ প্রতি ১৫-৩০ মিনিট পরপর রোগীর রক্তচাপ মাপা হয়। প্রয়োজনে ধমনির ভেতর মেশিন ঢুকিয়ে এ পরীক্ষা করা হয়।

-বেশিরভাগ রোগীই আইসিইউতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। এক্ষেত্রে ডাক্তারের নির্দেশিত মেডিসিনগুলো বাসায় গ্রহণ করতে হবে এবং রক্তের জমাটরোধী অ্যান্টিকোয়েগুলেন্ট ওষুধ এক থেকে দেড় মাস গ্রহণ করতে হয়।

-রোগী মেশিনের কোন মোড ও কত পিপে (PEEP) চলবে তা রোগীর অবস্থার ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়।

ডা. মোহাম্মদ আসাদুজ্জামান : সহকারী অধ্যাপক, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, কুয়েত মৈত্রী হাসপাতাল, ঢাকা

 

সুত্রঃ যুগান্তর