সিল্কসিটিনিউজ ডেস্ক :
সাফ্য়ান ইবনে ইয়ালা (রহ.) থেকে বর্ণিত যে, একবার ইয়ালা (রা.) ওমর (রা.)-কে বললেন, আপনি কি আমাকে মহানবী (সা.)-এর উপর ওহি অবতরণের মুহূর্তটি দেখাবেন। তিনি বলেন, মহানবী (সা.) তখন ‘জিরানা’ নামক স্থানে অবস্থান করছিলেন, তাঁর সঙ্গে ছিলেন কিছু সংখ্যক সাহাবি।
এমন সময় এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসুল! কোন ব্যক্তি যদি সুগন্ধিযুক্ত পোশাক পরে ‘উমরাহ’র ইহরাম বাঁধে তার সম্পর্কে আপনি কী বলবেন? মহানবী (সা.) কিছুক্ষণ নীরব থাকলেন। এরপর তাঁর নিকট ওহি আসে।

ওমর (রা.) ইয়ালা (রা.)-কে ইশারায় কাছে ডেকে নেন। তখন একখন্ড কাপড় দিয়ে মহানবী (সা.)-এর উপর ছায়া দেয়া হয়েছিল, ইয়ালা (রা.) মাথা ঢুকিয়ে দেখতে পান যে, মহানবী (সা.)-এর মুখমণ্ডল লাল বর্ণ হয়ে আছে, তিনি সজোরে শ্বাস গ্রহণ করছেন।
তারপর সে অবস্থা দূর হলে তিনি বললেন, উমরাহ সম্পর্কে প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারীকে উপস্থিত করা হলে তিনি বললেন, তোমার শরীরের সুগন্ধি তিনবার ধুয়ে ফেল ও জুববাটি খুলে ফেল এবং হজে যা করে থাক উমরাহতেও তাই কর। (হাদিসের রাবি ইবনে জুরাইজ বলেন) আমি আতা (রহ.)-কে জিজ্ঞেস করলাম, তিনবার ধোয়ার নির্দেশ দিয়ে তিনি কি উত্তমরূপে পরিষ্কার করা বুঝিয়েছেন? তিনি বললেন, হাঁ, তাই।
(সহিহ মুসলিম, হাদিস নং : ১১৮০, মুসনাদে আহমাদ, হাদিস নং : ১৭৯৮৯)









