সিল্কসিটিনিউজ ডেস্ক:
বছর কয়েক আগে যে খাবারের নাম শুনলে ভ্রু কুঁচকে যেত বেশির ভাগ মানুষের, এখন সেই চিয়া বীজ ভেজানো জল খেয়ে দিন শুরু হয় অনেকেরই। পুষ্টিগুণের জন্য বীজটির কদর বাড়ছে। স্থূলত্ব, ডায়াবেটিস-সহ একাধিক সমস্যায় জর্জরিত মানুষজনও সুস্থ থাকার বাসনায় খাদ্যতালিকায় চিয়া বীজ জুড়ছেন।
জলে ভিজিয়ে চিয়া খাওয়ার চল আছে। কেউ আবার দুধেও সেটি ভিজিয়ে খান। কিন্তু কালো কিশমিশের জলের সঙ্গে সেটি মিশিয়ে খেলে কি বাড়তি উপকার হবে?

পুষ্টিবিদ অনন্যা ভৌমিক বলছেন, ‘‘চিয়া বীজ যেমন উপকারী, কালো কিশমিশও তা-ই। দুই উপকরণ জু়ড়লে পানীয়ের পুষ্টিগুণও বাড়বে।’’
চিয়াবীজ: অ্যান্টিঅক্সিড্যান্ট, ফ্যাটি অ্যাসিড, ফাইবারে পরিপূর্ণ চিয়া বীজ। প্রোটিন, ক্যালশিয়ামে ভরপুর বীজটি শুধু মেদ ঝরাতেই সাহায্য করে না, শরীরে প্রয়োজনীয় ভিটামিন, খনিজের জোগানও দেয়।
কালো কিশমিশ: কিশমিশে মেলে আয়রন। মূলত যাঁরা রক্তল্পতায় ভুগছেন, তাঁদের খাদ্যতালিকায় কিশমিশ রাখা দরকার, বলছেন কলকাতার আর এক পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী। এতে রয়েছে পটাশিয়াম, ফাইবার। কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের হাত থেকে কোষকে রক্ষা করে।
দু’টি উপাদান একসঙ্গে জুড়লে কী হবে?
পেটের জন্য ভাল: কিশমিশ এবং চিয়া বীজ, দু’টিতেই রয়েছে ফাইবার। দু’টি উপাদান একসঙ্গে খেলে ফাইবারের পরিমাণ বৃদ্ধি পাবে। ওজন কমাতে হলেও ফাইবার সমৃদ্ধ খাবার পাতে রাখতে বলেন পুষ্টিবিদেরা। কোষ্ঠকাঠিন্য দূর করতেও ফাইবার জরুরি। বিশেষত চিয়া বীজ জলে ভিজলে যে জেল জাতীয় পদার্থ তৈরি হয়, তা পেট পরিষ্কারে বিশেষ সাহায্য করে। ফাইবার পেটের স্বাস্থ্যের জন্যও ভাল।
শক্তি জোগায়: কিশমিশে থাকা আয়রন এবং চিয়া বীজ থেকে নির্গত শক্তি একসঙ্গে শরীরে গেলে ক্লান্তি কমে। দিনভর কর্মক্ষম থাকা যায়।
হার্টের জন্য ভাল: চিয়া বীজে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। কিশমিশে মেলে অ্যান্টিঅক্সিড্যান্ট। দু’টি উপাদানই হার্টের জন্য ভাল। প্রদাহ কমাতে এবং শরীরের পক্ষে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালগুলিকে নিষ্ক্রিয় করে অ্যান্টিঅক্সিড্যান্ট। ফলে তা অক্সিডেটিভ স্ট্রেস মুক্ত রাখতে সাহায্য করে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে এবং রক্তচাপ বশে রাখতে সহায়ক।
হরমোনের ভারসাম্য বজায় রাখে: কালো কিশমিশে মেলে ফাইটোইস্ট্রোজেন নামে একটি উপাদান। এই উপাদানটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, বিশেষত মহিলাদের। চিয়া বীজে মেলে জ়িঙ্ক এবং সেলেনিয়াম। ত্বক ভাল রাখতে জরুরি হরমোনের কার্যকারিতা বৃদ্ধিতে এগুলি সাহায্য করে। সূত্র: আনন্দবাজার









