সদ্য প্রকাশিত
নাটোর

ঐক্যবদ্ধভাবে ভোটের অধিকার ফেরত আনতে হবে: দুলু

নিউজ ডেস্ক১৮ মে ২০১৯২ মিনিট পড়া
ঐক্যবদ্ধভাবে ভোটের অধিকার ফেরত আনতে হবে: দুলু

সিংড়া প্রতিনিধি:
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম.রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ঐক্যবদ্ধভাবে দেশের সুশাসন ও ভোটের অধিকার ফেরত আনতে হবে। আমরা চাই দেশে ভোটের অধিকার ফেরত আসুক, যে দলই ক্ষমতায় যাক গণতন্ত্র ফেরত আসুক। যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে কত মারামারি কত হানাহানি। সেখানে কিন্তু ভোট অবাধ-নিরপেক্ষ হচ্ছে। আমরা চাই বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফেরত পাক। আর এই ভোটের অধিকারের জন্য আপনাদেরকে (জনগণ) ঐক্যবদ্ধ হতে হবে। সে আওয়ামীলীগ হোক আর বিএনপি হোক।

শুক্রবার সন্ধ্যায় সিংড়া পেট্রোবাংলা পয়েন্টে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. এম ইউসুফ আলী আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের কথা উল্লেখ করে দুলু আরো বলেন, গত নির্বাচনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ঢাকা থেকে গ্রেফতার করল, কারণ দুলু যেন নাটোর যেতে না পারে। নাটোরে গেলে কী হবে? তারা জোর করে, চুরি করে এই চারটি সিট কেড়ে নিয়েছে। তারা এই সিট কেড়ে নিতে পারত না। এই চারটি সিট বিএনপি জয়লাভ করত। মনোনয়নপত্র বাতিল করেছে। দুলু সাহেব প্রার্থী হলে জেলার সব ক’টি সিট ধানের শীষ পেত। বিএনপির এত নেতা থাকতে দুলুকে আটক কেন করা হলো সেটা আপনারাই বুঝেন।

এর আগে সিংড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মরহুম শামিম আল রাজির কবর জিয়ারত করেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম.রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সিংড়া থানা বিএনপির সভাপতি এ্যাড. মুজিবুর রহমান মন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সহ-সভাপতি এডভোকেট এম ইউসুফ আলী, নাটোর জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ প্রমুখ।

স/শা