সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক: বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। তাকে যেমন আইপিএল দল কলকাতা ছেড়ে দেয়নি, তেমনি ছেড়ে দেয়নি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর দল জ্যামাইকা তালওয়াস। তাই বিশ্বসেরা এই অল-রাউন্ডারের নিলামে ওঠার কোনো প্রশ্নই নেই। তবে এবার সিপিএলের নিলামে উঠেছে আরও চার বাংলাদেশি ক্রিকেটারের নাম। তারা হলেন তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ, তাসকিন আহমেদ এবং এনামুল হক বিজয়।
তামিম গত বছর থেকেই নিয়মিত পিএসএল খেলছেন। এবার শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলে জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে আছেন। প্রথমবারের মতো পিএসএল খেলতে যাওয়া রিয়াদও এখন তামিমের সাথে শ্রীলঙ্কায়। বিজয়কে ফাইনাল খেলার জন্য প্রস্তাব দিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তার যাওয়া এখনও কনফার্ম নয়। অন্যদিকে এখনও কোনো বিদেশি লিগ খেলা হয়নি তাসকিন আহমেদের।

নিলামের ড্রাফটে থাকা ২৫৮ জন খেলোয়াড়ের মধ্যে পাকিস্তানের ৪৬ জন, অস্ট্রেলিয়ার ২৮ জন, নিউজিল্যান্ডের ১৭ জন, দক্ষিণ আফ্রিকার ১৬, শ্রীলঙ্কার ১৯, ইংল্যান্ডের চারজন, আয়ারল্যান্ডের তিনজন, আফগানিস্তানের পাঁচজন, কানাডার দুজন, ওমানের একজন, যুক্তরাষ্ট্রের একজন ও জিম্বাবুয়ের চারজন খেলোয়াড় রয়েছেন। আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে নিলাম। আগামী ১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আসরটি অনুষ্ঠিত হবে। সূত্র: কালের কণ্ঠ










