সদ্য প্রকাশিত
মতামত

এখন জরুরি নির্বিচারে ‘করোনা পরীক্ষা’

নিউজ ডেস্ক১ এপ্রিল ২০২০৩ মিনিট পড়া
এখন জরুরি নির্বিচারে ‘করোনা পরীক্ষা’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনার উপর্যুপরি আঘাতে আক্রান্ত সমগ্র বিশ্ব। বিশ্বযুদ্ধ যেভাবে মানুষের মনে মৃত্যুভয় ছড়িয়ে দেয়, তেমনি মহামারী করোনাভাইরাসও প্রতিনিয়তই ছড়াচ্ছে মৃত্যুশঙ্কা। গত হয়ে যাওয়া দুটি বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসী একযোগে এমন করুণ দৃশ্যও আর দেখেনি!

বৈশ্বিক অর্থনীতির ওপরও ভূ-কম্পনের মতো আচমকা নেতিবাচক প্রভাব ফেলছে এই ভাইরাস। পুঁজিবাজার ও বিশ্বের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। পর্যটন ও বিমানশিল্পে নেমেছে ধস। এক কথায়, এই মহামারীর আঘাতে এখন দিশেহারা পৃথিবী নামক গ্রহ।

করোনাভাইরাস ছোঁয়াচে হওয়ার সুবাদে বুলেট গতিতে যেন ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশে। এই ছড়িয়ে পড়াটাই বিশ্ববাসীর জন্য সবচেয়ে শঙ্কার কারণ। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের প্রায় প্রতিটি দেশই এখন আক্রান্ত।

সংক্রমণের প্রথম পর্যায়ে করোনা ছড়াতে সময় নিলেও এখন খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার। বিশ্বে প্রথম ১ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন ৬৭ দিনে। পরবর্তী ১ লাখ ছড়াতে লেগেছে মাত্র ১১ দিন।

আর তৃতীয় ১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে মাত্র ৪ দিনে! চতুর্থ লাখ ছড়াতে সময় নিয়েছে মাত্র ৩ দিন! এভাবেই এখন ঘণ্টা ও মিনিটের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বে বাড়ছে আক্রান্তের সংখ্যা; যা বর্তমানে (২৭ মার্চ) পাঁচ লাখ ছাড়িয়ে গেছে।

এভাবে সংক্রমিত হতে থাকলে কোটি মানুষে করোনা ছড়াতে খুব বেশি সময় নেবে না। সমগ্র বিশ্বের যখন সংক্রমণের এই দৃশ্য, তখন সংক্রমিত দেশগুলো স্বেচ্ছায় বেছে নিয়েছে হোম কোয়ারেন্টিন, কারফিউ কিংবা লকডাউনের পথ। সারা বাংলাদেশই এখন কার্যত লকডাউনে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন শুধু লকডাউনকে যথেষ্ট মনে করছে না। বাংলাদেশসহ বিশ্বকে জোর দিচ্ছে নির্বিচারে মানুষের করোনা পরীক্ষার ওপর।

বিশ্বের প্রধান স্বাস্থ্য সংস্থাটি বারবার পরীক্ষার কথা বলেই যাচ্ছে। পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষাই এখন সবচেয়ে জরুরি। প্রথমত, উপসর্গের অনুসন্ধান ও চিহ্নিতকরণ, করোনা পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিকে পৃথকীকরণ ও সবশেষে চিকিৎসা চালানই হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা।

বিশ্বের সক্ষম দেশগুলো দৈনিক হাজার হাজার করোনা উপসর্গধারী মানুষের পরীক্ষা করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ এখনও মারাত্মক রকম পিছিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন নির্বিচারে করোনা পরীক্ষার ওপর জোর দিচ্ছে, তখন ১৮ কোটি জনসংখ্যার দেশে আজ পর্যন্ত (২৭ মার্চ) মাত্র ৮০০-এর অধিক মানুষের করোনা পরীক্ষা করতে সক্ষম হয়েছে! স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত কন্ট্রোলরুমের তথ্যানুযায়ি, গত ২১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদফতর ও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) নির্ধারিত হটলাইনে করোনাসংক্রান্ত সেবা নিতে কল এসেছে ৪ লাখ ৮৮ হাজার ৬৮৩টি। অর্থাৎ, এদের খুবই ক্ষুদ্র অংশেরই কেবল করোনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।

দেশে করোনার পরীক্ষার এই দৈন্য পরিস্থিতিতে কমিউনিটি পর্যায়েও করোনা খুব ভালোভাবেই ছড়িয়ে পড়েছে কিনা, সে তথ্যও এখন ঘোর ধোঁয়াশায়। এ চিত্রটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ দ্রুত সংক্রমিত এ ছোঁয়াচে ভাইরাসটি মুহূর্তেই সংক্রমিত হতে সক্ষম। সংক্রমণের পরিসংখ্যান সংক্রান্ত ধোঁয়াশা এ মহামারীকে আরও ভয়াবহ ও অন্ধকারের দিকেই ধাবিত করবে।

নরসিংদী সরকারি কলেজ