সদ্য প্রকাশিত
জাতীয়

একমাত্র জাতীয় পার্টিই মানুষকে শান্তি দিতে পারে: এরশাদ

নিউজ ডেস্ক৮ মার্চ ২০১৮২ মিনিট পড়া
একমাত্র জাতীয় পার্টিই মানুষকে শান্তি দিতে পারে: এরশাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমানে মানুষের মনে শান্তিতে নাই, দেশে গুম হত্যা বেড়েই চলেছে। মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে। এদেশের মানুষকে শান্তিতে রাখতে হলে জাতীয় পার্টিই একমাত্র মুক্তির পথ, একমাত্র আশার আলো।

তিনি আরও বলেন, মা-বোনকে বাঁচাতে হলে, চালের দাম কমাতে হলে, ইয়াবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে, শান্তিতে ঘুমাতে হলে, জাতীয় পার্টির বিকল্প কোনো দল নেই।

বুধবার গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, চালের দাম বাড়লেও তা নিয়ে সরকারের মাথাব্যথা নেই। আগামীতে কীভাবে ক্ষমতায় যাওয়া যাবে, তা নিয়েই বর্তমান সরকার ব্যস্ত। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগামী ১৩ মার্চ সুন্দরগঞ্জ আসনে উপনির্বাচনে ভোট সুষ্ঠু হলে জাতীয় পার্টির বিজয় সুনিশ্চিত। কোনো শক্তিই জাতীয় পার্টির বিজয় আটকাতে পারবে না। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তন গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে শুরু হবে। একমাত্র জাতীয় পার্টি সেই পরিবর্তন ঘটাতে পারবে।

জাতীয় পার্টি ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান করবে উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দল ৩০০ আসনেই প্রার্থী দেবে। নির্বাচনে জাপা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এরশাদ বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মতো একটি নিরপেক্ষ নির্বাচন যেন সুন্দরগঞ্জে আসনে অনুষ্ঠিত হয়। তাহলে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের ওপর সাধারণ মানুষের আস্থা অর্জন হবে।

তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে কেউ অবৈধভাবে সিল দিয়ে ভোট নিতে না পারে সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে জনসভায় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী হাবুল, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহজাহান খান আবু, সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।

যুগান্তর