এআইয়ের মাধ্যমে ‘রানঝানা’র ক্লাইম্যাক্স বদল, আইনি ব্যবস্থা নিচ্ছেন ধানুশ
নিউজ ডেস্ক৬ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক :
বারো বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রানঝানা’ ঝড় তুলেছিল বক্স অফিসে। ধানুষ ও সোনম অভিনীত ছবিটির ক্লাইম্যাক্সের বিষাদ দর্শকের হৃদয় জিতে নিয়েছিল। কিন্তু এআইয়ের মাধ্যমে এবার বদলে গেছে সেই ক্লাইম্যাক্সই।
বড় পর্দাতেই ফের দেখা গেছে ছবিটি।
আর তাতে ছবির শেষে ধানুশ অভিনীত চরিত্র কুন্দন মারা যাচ্ছে না, সে বেঁচে উঠছে! যা দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন অভিনেতা। ব্যাপারটা একেবারেই মানতে পারেননি ছবিটির অনুরাগীরাও। তবে এবার বিষয়টা গড়াতে চলেছে আদালতে।
ছবিটির পরিচালক আনন্দ এল রাই জানিয়েছেন, তিনি ও ধানুশ ছবির ক্লাইম্যাক্সের বদলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।
পরিচালকের কথায়, আমি অত্যন্ত উদ্বিগ্ন আমার অন্য ছবিগুলো নিয়েও, এমনকি ধানুশও। এই ধরনের বহিরাগত হস্তক্ষেপ থেকে আমাদের সৃজনশীল কাজগুলোর পুনরুদ্ধার এবং সংরক্ষণের জন্য আমরা সক্রিয়ভাবে বিচার বিভাগীয় প্রতিকারের দিকে নজর রাখছি।
তিনি জানিয়েছেন, দীর্ঘকালীন আইনি সমাধানের কথাই ভাবছেন তারা।
এর আগে এক্স হ্যান্ডেলে এক পোস্টে ধানুশ লিখেছিলেন, ‘এআই দিয়ে ক্লাইম্যাক্স বদলে যেভাবে ‘রানঝানা’র পুনর্নিমাণ করা হয়েছে, তা দেখে ভীষণ কষ্ট পেয়েছি।
খারাপ লাগছে। আমার আপত্তি সত্ত্বেও ছবিটি মুক্তি পেয়েছে। এটা একেবারেই ঠিক নয়। আমি ১২ বছর আগে যুক্ত ছিলাম ছবিটির সঙ্গে। এআই ব্যবহার করে অনেকটা বদলে ফেলা হয়েছে।
আমি যে ছবিটার সঙ্গে যুক্ত ছিলাম সেটা এটা নয়। ভবিষ্যতে এই ধরনের জিনিস পুরোপুরি নিষিদ্ধ করা হবে, এটাই আশা।’
যেভাবে এআই ব্যবহার করা হয়েছে ছবির ক্লাইম্যাক্স বদলে ফেলতে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি।
এখনও পর্যন্ত আনন্দের সিদ্ধান্ত নিয়ে এরস ইন্টারন্যাশনাল মিডিয়া লিমিটেড কোনও মন্তব্য করেনি। কিন্তু ধানুশের পোস্টের পর তারা প্রতিক্রিয়া জানিয়েছিল। পরিষ্কার জানানো হয়েছিল, ছবিটির একমাত্র কপিরাইট তাদের। সুতরাং, এর রি-রিলিজ-সহ যে কোনো সিদ্ধান্ত তারাই নিতে পারবে।