সদ্য প্রকাশিত
মতামত

এ শতাব্দীর গণবিধ্বংসী মারণাস্ত্র হবে ভাইরাস

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০২০১০ মিনিট পড়া
এ শতাব্দীর গণবিধ্বংসী মারণাস্ত্র হবে ভাইরাস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বব্যাপী ৩১ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং চীনে এ পর্যন্ত ৬৩৬ জন করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছে। করোনাভাইরাস যে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে- এ নিয়ে কারও দ্বিমত নেই বলেই মনে হচ্ছে।

দুর্ভাগ্য হল, করোনাভাইরাস উৎপত্তির কেন্দ্রস্থল চীনের উহান শহরের এক তরুণ চিকিৎসক লি ওয়েনলিয়াং গত ডিসেম্বরের শেষের দিকে সার্সের মতো কোনো একটি ভাইরাস সংক্রমণ এবং এর বিস্তার সম্পর্কে পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু সরকারি কর্মকর্তারা সেই পূর্বাভাসকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। বৃহস্পতিবার চীনা গণমাধ্যমে জানা যায়, সেই তরুণ চিকিৎসক মারা গেছেন। উল্লেখ্য, চীনে ওই চিকিৎসককে এখন বীর বলে আখ্যায়িত করা হচ্ছে।

বিশ্বব্যাপী নতুন নতুন ভয়ংকর ভাইরাসের আবির্ভাব মানবসভ্যতাকে মারাত্মক বিপদে ফেলে দিয়েছে। বিশ্বে এখন করোনাভাইরাসের বিস্তার ও সম্ভাব্য মহামারী নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটির পর একটি ভাইরাস আসছে আর এর ধ্বংসাত্মক প্রভাব রেখে যাচ্ছে আমাদের মাঝে। ইতিমধ্যে আমরা অনেক ভাইরাসের কথা জেনে গেছি।

এডিস মশা যে তিনটি রোগ ছড়ায়, তার সবকটিই বাংলাদেশে শনাক্ত হয়েছে এবং মানুষ এডিস মশা সম্পর্কে জানে। ১৯৯৯ সালে প্রথম ডেঙ্গু শনাক্ত হয় ঢাকায়। ২০০৮ সালে রাজশাহীর পবায় চিকুনগুনিয়া এবং ২০১৪ সালে চট্টগ্রামে জিকা শনাক্ত হয়। গত ২৮ বছরে এ তিনটি রোগসহ দেশে মোট সাতটি নতুন রোগ শনাক্ত হয়েছে। বাকি চারটি হল এইচআইভি-এইডস, নিপাহ, বার্ড ফ্লু ও সোয়াইন ফ্লু।

যেসব রোগ কখনোই মানুষের মধ্যে ছিল না এবং তা যদি মানুষের মধ্যে সংক্রমিত হয়, তখন তাকে নতুন রোগ হিসেবে বিবেচনা করা হয়। তবে বহুকাল আগ থেকেই এসব রোগ ছিল, শনাক্ত হয়েছে আগে বা পরে। আমরা অনেকেই জানি না, সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ-১ এন-১ ভাইরাসের উৎপত্তি ১৯১৮ সালে, যা স্প্যানিশ ফ্লু হিসেবেও পরিচিত।

ভাইরাস হল প্রোটিন দ্বারা আবৃত রাইবোনিউক্লিক এসিড (আরএনএ) বা ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ), যা হরেক রকম ভয়ানক সংক্রামক রোগ সৃষ্টি করতে পারে। ভাইরাসের কোনো প্রাণ নেই। সাধারণ মাইক্রোস্কোপে ভাইরাস দেখা যায় না। ভাইরাস নিজেরা নিজেদের বংশবিস্তার করতে পারে না। বংশবিস্তারের জন্য এদের অন্য জীবের কোষ বা দেহকে ব্যবহার করতে হয়। দেহের মেটাবলিক সিস্টেম ও পুষ্টি ব্যবহার করার মাধ্যমে ভাইরাস বংশবিস্তার করে থাকে। এ বংশবিস্তারের জন্য সময় লাগে কম করে হলেও তিন থেকে সাত দিন; কোনো কোনো ক্ষেত্রে ১৪ দিন।

ব্যাকটেরিয়া হল এক কোষবিশিষ্ট অণুসম প্রাণী। ব্যাকটেরিয়া নিজেরা নিজেদের বংশবিস্তার করতে পারে এবং জীবদেহে প্রবেশ করে মারাত্মক সংক্রামক রোগ সৃষ্টি করতে পারে। আমাদের আশপাশে সর্বত্রই ব্যাকটেরিয়া বিরাজমান। তবে সব ব্যাকটেরিয়া ক্ষতিকর নয়। অনেক ব্যাকটেরিয়া আমাদের উপকার করে এবং সুস্থ থাকতে সাহায্য করে। আমাদের অন্ত্রে রয়েছে ল্যাকটোবেসিলাস ব্যাকটেরিয়া, যা খাবার হজমে সাহায্য করে এবং শরীরের জন্য অনেক দরকারি পুষ্টিকর উপাদান তৈরি করে।

অ্যান্টিবায়োটিক গ্রহণ করার কারণে অনেক সময় রোগী বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়। এর কারণ হল, অ্যান্টিবায়োটিক ভালো ব্যাকটেরিয়াকে ধ্বংস করার কারণে খাবার ঠিকমতো হজম হয় না। তাই সমস্যা দেখা দেয়। দ্বিতীয় শ্রেণির ব্যাকটেরিয়াগুলো আমাদের শত্রু। এসব ব্যাকটেরিয়া সংক্রামক রোগ সৃষ্টি করার মাধ্যমে মানুষকে অসুস্থ করে তোলে এবং অনেক ক্ষেত্রে মৃত্যু ডেকে আনে। মরণঘাতী ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ওষুধের নাম অ্যান্টিবায়োটিক।

সংক্রামক রোগের মুখ্য বাহক যদি বিভিন্ন প্রাণী ও মানুষ হয়ে থাকে, তবে মানবসভ্যতার জন্য এটি এক বড় দুঃসংবাদই বটে। ‘এ সেফার ফিউচার’ বা ‘একটি নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রতিবছর গড়ে ২৫০ কোটি মানুষ বিমান ভ্রমণে পৃথিবীর বিভিন্ন দেশে যাতায়াত করেছে। এর কারণে বিশ্বজুড়ে বিভিন্ন ভয়ংকর সংক্রামক রোগ অতীতের যে কোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। ইতিহাস বলছে, অভাবনীয় দ্রুতগতিতে প্রতিবছর গড়ে একটি করে নতুন রোগ আবির্ভূত হচ্ছে, যা ইতিহাসে নজিরবিহীন। আগে বা পরে হোক, ভবিষ্যতে করোনাভাইরাসের মতো এইডস, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ইবোলা, ডেঙ্গু, জিকা, সার্স, চিকুনগুনিয়া এবং অন্য কোনো ভয়ংকর রোগের পুনরাবির্ভাব হবে না, এটা জোর দিয়ে বলা যাবে না। ৩৭ বছরে বিশ্বে ৩৯টি নতুন সংক্রামক রোগ দেখা দিয়েছে। এসব রোগের মধ্যে এইডস, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ইবোলা, ডেঙ্গু, জিকা, সার্স, চিকুনগুনিয়া, মারবার্গ ও নিপাহ ভাইরাসের সংক্রমণও অন্তর্ভুক্ত। এসব ভয়াবহ সংক্রামক রোগে বিশ্বের ২০০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

সংক্রামক রোগের বিস্তার রোধ মানবসভ্যতা এবং চিকিৎসাবিজ্ঞানের জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতিদিন প্রায় ৩০ লাখ মানুষ এক শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে বা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ভ্রমণ করছে। রোগের বাহক হিসেবে মানুষের এ ভ্রমণের ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে, যা ইচ্ছা থাকা সত্ত্বেও ঠেকানো সম্ভব হয়ে উঠছে না।

কারণ সংক্রামক রোগ বিস্তার রোধে যাত্রী নিয়ন্ত্রণের ফলে দেশের ভাবমূর্তি বিনষ্ট হওয়া ছাড়াও পর্যটন শিল্প, এয়ারলাইন্স এবং হোটেল ব্যবসাসহ দেশীয় অর্থনীতিতে ধস নামার ভয়ে কেউ এ ধরনের উদ্যোগে উৎসাহী হবে না। কিন্তু অর্থনীতি ও ভাবমূর্তির জন্য জীবনের সঙ্গে আপস চলে না। ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রামক রোগের প্যানডেমিক দেখা দিলে অতি অল্প সময়ের মধ্যে মানুষ থেকে মানুষে, দেশ থেকে দেশে এবং এক মহাদেশ থেকে অন্য মহাদেশে এ রোগ ছড়িয়ে পড়বে, যা মোকাবেলার জন্য পৃথিবীর কোথাও পর্যাপ্ত কার্যকর ওষুধ বা ভ্যাকসিন নেই।

ফলে অর্থনৈতিক অবস্থা ব্যাহত ও ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও বিশ্বব্যাপী অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়বে এবং মারা যাবে লাখ লাখ মানুষ। তবে কবে নাগাদ এ ধরনের প্যানডেমিক দেখা দিতে পারে, তা জোর দিয়ে কেউ বলতে পারে না। যদি কোনো কারণে কোনো ফ্লুর প্যানডেমিক দেখা না দেয়, তবে এর পরিবর্তে অন্য কোনো নতুন ধরনের সংক্রামক রোগের আবির্ভাব হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি ফ্লু প্যানডেমিক ঘটে যায়, তবে তা হবে ক্ষয়ক্ষতির দিক থেকে ভয়াবহ এবং বিশ্বজুড়ে এর বহুমুখী তীব্র প্রতিক্রিয়া হবে।

সেজন্য সংক্রামক রোগের সার্বিক ভয়াবহতার কথা বিবেচনা করে প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর ধনী-দরিদ্র সদস্য দেশগুলোর মধ্যে এসব রোগের বিস্তার রোধ, প্রতিরোধ, প্রতিকার বা চিকিৎসাসংক্রান্ত তথ্য-উপাত্ত, দক্ষতা ও প্রযুক্তি আদানপ্রদান স্বাস্থ্য নিরাপত্তার জন্য অত্যন্ত কার্যকর ও উপযোগী উপায়গুলোর একটি হতে পারে। তবে আশার কথা, সরকারের নিষ্ক্রিয়তা বা অনীহার কারণে এ ধরনের বিপর্যয়কে গোপন রাখা এ যুগে আর সম্ভব নয়। কারণ দেখা গেছে, গণমাধ্যমগুলো ২৪ ঘণ্টা সক্রিয় থাকার কারণে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার বেশির ভাগ ঘটনা গণমাধ্যমের সাহায্যে সর্বত্র প্রচারিত হয়েছে।

সংক্রামক রোগ প্রতিরোধ ও প্রতিকারের ওষুধ হল ভ্যাকসিন ও অ্যান্টিবায়োটিক। কিন্তু অসংখ্য জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জনস্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানের জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। আর সবচেয়ে বড় সত্য কথাটি হল, ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। তাহলে উপরে উল্লিখিত ভয়াবহ করোনা, এইডস, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ইবোলা, ডেঙ্গু, জিকা, সার্স, চিকুনগুনিয়া, মারবার্গ ও নিপাহ থেকে মানুষকে রক্ষা করার উপায় কী?

আমি মনে করি এবং সবসময় বলে এসেছি- ওষুধ দিয়ে বহু রোগ সারানো যায় না বা যাবে না। অনেক রোগের এখনও কোনো ওষুধ আবিষ্কার হয়নি এবং অনেক রোগের চিকিৎসায় কোনো ওষুধের দরকার হয় না। ওষুধ দিয়ে মহামারী ঠেকানোর পথও সম্ভবত কার্যকর হবে না। তবে আমি জোর দিয়ে বলতে পারি- সব ধরনের ফ্লু বা রোগের বিরুদ্ধে জয়লাভের জন্য আমাদের পরিবেশ সংরক্ষণ করতে হবে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যদি আমরা ব্যায়াম করি, সুষম খাবার খাই, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করি, সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, পর্যাপ্ত বিশ্রাম নিই, নিরুপদ্রব ঘুম নিশ্চিত করি, মানসিক চাপ থেকে অবমুক্তি পাই, চিনিসমৃদ্ধ খাবার কম খাই এবং অকার্যকর ভ্যাকসিন ও হাসপাতাল বর্জন করে চলি। আমরা সমাজ বা রাষ্ট্রীয় জীবনে যেসব সমস্যার মুখোমুখি হই, এর মূল কারণ মানুষ।

আমরা নিজেরাই নিজেদের সমস্যা সৃষ্টি করি। আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতাম, একটু সচেতন ও সহনশীল হতাম, একটু বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম, স্বার্থপর না হতাম, তাহলে মনে হয় আমাদের এত সমস্যা থাকত না। সমস্যা থাকলেও সহজ হোক, কঠিন হোক, উত্তরণের কোনো না কোনো পথ পাওয়া যেত। তখন অবশ্যই আমাদের অসুখবিসুখ কমে যেত এবং জীবনযাত্রার মান আরও অনেক উন্নত হতো। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।

প্রিয় পাঠক, আসুন আমরা ঢাকায় কেমন জীবনযাপন করছি, তা নিয়ে একটু আলোচনা করি। প্রসঙ্গক্রমে বলি, আপনাদের মনে আছে ঢাকাতেই চিকুনগুনিয়ার ব্যাপক বিস্তার ঘটেছিল। চিকুনগুনিয়া ছাড়াও ভাইরাসজনিত অন্যান্য রোগও যে ঢাকাসহ সারা দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়বে না, তা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না।

সংক্রামক রোগের উৎপত্তি ও বিস্তারের জন্য ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ শহর বলে আমার দৃঢ়বিশ্বাস। কারণ ঢাকার পরিবেশ দূষণ সংক্রামক রোগের উৎপত্তি ও বিস্তারের জন্য অত্যন্ত উপযোগী। অনুন্নত দেশ হওয়ার কারণে এবং আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল শরীরের রোগ প্রতিরোধের সহায়ক নয়। মানুষ যখন অসুস্থ হয় তখন তারা ন্যায্যত প্রত্যাশা করে ওষুধ তাদের সুস্থ করে তুলবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সব রোগে সব ওষুধ যথাযথ ও আশানুরূপভাবে কাজ করে না।

সুস্থসবল মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। ব্যতিক্রম ছাড়া সুস্থসবল মানুষ সচরাচর সংক্রামক রোগে বেশি আক্রান্ত হয় না। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অসতর্কতা, ভুলভ্রান্তি, ব্যায়াম না করা, অনিয়ম করা এবং ভুল লাইফস্টাইলের কারণে শরীরের এ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় বা ভেঙে পড়ে। ফলে মানুষ অতিসহজে সংক্রামক রোগে আক্রান্ত হয়ে পড়ে। একটা গুরুত্বপূর্ণ কথা আমরা জানি না। সব সংক্রামক রোগ ওষুধে ভালো হয় না। মানুষ, গবাদিপশু, পোলট্রি, খামারজাত সামুদ্রিক খাবারে অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক অপব্যবহারের কারণে ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে প্রতিনিয়তই মিউটেশন প্রক্রিয়া চলে আসছে। মিউটেশনের কারণে ভাইরাস বা ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে গেলে টিকা ও কার্যকর ওষুধও অকার্যকর হয়ে যায়।

ঢাকার পরিবেশ দূষণের ওপর বলতে গেলে বড়সড় একটি প্রবন্ধ লেখার প্রয়োজন হবে। তাই সংক্ষেপে শুধু বলতে হয়- ঢাকা শহর ময়লা-আবর্জনা-ধুলাবালিতে ডুবে আছে। এখন প্রতিদিন আর এ ধুলাবালি-ময়লা-আবর্জনা পরিষ্কার করা সম্ভবপর হয়ে উঠছে না। পচনশীল ময়লা-আবর্জনার কারণে চারদিকে দুর্গন্ধ ও রোগ-জীবাণু ছড়িয়ে পড়ছে। ঢাকা পৃথিবীর নোংরা ও অস্বাস্থ্যকর শহর। পরিবেশ দূষণের কারণে মানুষ দিন দিন বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। অনেকেই হয়তো জানেন না, ঢাকার পরিবেশ দূষণের কারণে ভাইরাস ও জীবাণু সংক্রমণ ছাড়াও শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস, হাঁপানির মতো অসংখ্য রোগ দেখা দিচ্ছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় ধূলি দূষণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। পরিবেশ দূষণের কারণে অধিক হারে মানুষ অ্যাজমা ও নানারকম অ্যালার্জিতে আক্রান্ত হচ্ছে। এতে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। পরিবেশ দূষণের কারণে সংক্রামক রোগের হার বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে।

মশাবাহিত চিকুনগুনিয়ায় ঢাকায় হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছিল। মশা শুধু চিকুনগুনিয়ার কারণ নয়। মশার কারণে ডেঙ্গু ও জিকা হয়। মশার কারণে হয় আরও একটি মারণঘাতী রোগ ম্যালেরিয়া। যে মশার কারণে চারটি ভয়ানক রোগের উৎপত্তি, সেই মশার উৎপত্তির কারণ কি কোনো না কোনোভাবে মানুষ নয়? উন্নত বিশ্বে এত মশা দেখা যায় না কেন? কারণ ওসব দেশে প্রত্যেক মানুষ সচেতন এবং পরিবেশ সংরক্ষণে সদা সচেষ্ট। কোনো এক বছর বিশ্বের নোংরা ২৫টি শহরের তালিকায় ৭ ও ২৪ নম্বরে ছিল ভারতের দুই শহর মুম্বাই ও নয়াদিল্লির নাম। সেখানে দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা।

ঢাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটুকু ঠিকভাবে করা হয় না। তদারকিও করা হয় না। ঢাকার মতো একটি অপরিচ্ছন্ন ও নোংরা শহরে করোনা, চিকুনগুনিয়া, ডেঙ্গু, জিকা বা ম্যালেরিয়ার মতো রোগের মহামারী দেখা দিলে শুধু মশাকে দোষ দিয়ে কী লাভ হবে? আমরা দেখেছি, চিকুনগুনিয়ার ব্যাপক বিস্তারের পর ঢাকা শহরে মশা মারার জন্য সরকার ওষুধ ছিটানোর কাজ পুরোদমে চালিয়েছিল। কিন্তু মশার উৎপত্তিস্থল অপসারণ বা ধ্বংস করা ছাড়া মশা বিনাশের কাজ সম্পূর্ণ সফল হবে না বলে আমি মনে করি। আমবা প্রতিনিয়ত মশার উপদ্রবে ভুগছি।

একবার ভাবুন, একটিমাত্র মশা কত মানুষের ভাইরাস সংক্রমণের কারণ হতে পারে। তাই আমাদের মশামুক্ত পরিবেশ চাই। আমি বলছি না মশার ওষুধ ছিটানোর কাজ বন্ধ করে দিতে হবে। আমি বলছি, মশা মারার সঙ্গে সঙ্গে আমাদের মশা সৃষ্টির কাজটি বন্ধ করার ব্যাপারে সচেষ্ট হতে হবে। যত ওষুধ বা টিকা আবিষ্কার করুন না কেন, যত সতর্কতা অবলম্বন করুন না কেন, যথাযথ কার্যকর বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ না করা হলে জীবাণু ও ভাইরাস ঠেকানো দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে।

এমনিতেই আমরা জীবাণু ও ভাইরাসের বিরুদ্ধে হেরে যাচ্ছি। বাজারে প্রচলিত বেশির ভাগ অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করছে না। কারণ এসব অ্যান্টিবায়োটিককে স্মার্ট ভাইরাস ও জীবাণু ইতিমধ্যে অকার্যকর করে ফেলেছে।

মুনীরউদ্দিন আহমদ : অধ্যাপক, ফার্মেসি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা

drmuniruddin@gmail.com