সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ওয়ানডে এক প্রকার দাপটের সঙ্গে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী আফগানিস্তান। যেভাবে আফগানিস্তান খেলছিল তাতে মনে হচ্ছিল তৃতীয় ম্যাচেই সিরিজ জিতে নিবে তারা। কিন্তু পরের দুই ওয়ানডেতে উল্টোরথে সফরকারীরা। টানা দুটি ম্যাচ জিতে সিরিজে (২-২ ব্যবধানে) সমতা নিয়ে এসেছে জিম্বাবুয়ে।
শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নামে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। তাতে ৩৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি। জবাবে ২২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তোলার পর বৃষ্টি এসে হানা দেয়। আর বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি। কিন্তু বৃষ্টি আইনে জিম্বাবুয়ে ১১৮ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয়।

ব্যাট হাতে জিম্বাবুয়ের সলোমন মীরে ৪৬ রান করেন। পিটার মুর করেন অপরাজিত ৩৬ রান। তারিসাই মুসাকান্দা ৪ ও ক্রেইগ এরভিন ১ রান করেন। শেন উইলিয়ামস ১৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে আফগানিস্তানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ১৯ রান করেন আসগর স্টানিকজাই। ১৭ রান করেন মোহাম্মদ নবী। তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করেন সলিমুল্লাহ শেনওয়ারি।
বল হাতে নিউজিল্যান্ডের ক্রিস এমপফু ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন তেন্দাই চাতারা ও গ্রায়েম ক্রেমার। ম্যাচসেরা নির্বাচিত হন এমপফু।
সূত্র: রাইজিংবিডি










