
সিল্কসিটি নিউজ ডেস্ক:
উরস থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার ভোর ৪টার দিকে মদন-খালিয়াজুড়ি সড়কের গোবিন্দশ্রী সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত রাজ্জত আলীর ছেলে আদম আলী (৩২) এবং একই গ্রামের লাক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮)। একই গ্রামের অনিল মিয়া ও সরল মিয়া নামে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মদন পৌর সদরের মদন গ্রামে হযরত সৈয়দ আহম্মদ বসরী ওরফে বুড়াপীরের বার্ষিক উরসে মাহফিল চলছে। বুধবার উরসের দ্বিতীয় রজনীতে জগন্নাথপুর গ্রামের ৬-৭ জন যুবক ট্রলি গাড়িযোগে উরসে যান। রাতভর গান শুনে ৪টার দিকে বাড়ির দিকে রওনা হন তারা।
পথে মদন-খালিয়াজুড়ি সড়কের গোবিন্দশ্রীর সুজন বাজার নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আদম আলী ও রাসেল মিয়া নিহত হন। এ সময় পথচারীরা আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পর থেকে গাড়িচালক পলাতক রয়েছে।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: যুগান্তর









