সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

উপজেলা নির্বাচনের পথে বিএনপি ছাড়া সব দল

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৯৫ মিনিট পড়া
উপজেলা নির্বাচনের পথে বিএনপি ছাড়া সব দল

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার উপজেলামুখী হচ্ছে রাজনৈতিক দলগুলো। তৃণমূলে নিজেদের শক্তি ও সামর্থ্যরে জানান দিতে এ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করেছেন দলগুলোর নেতারা।

নির্বাচন কমিশন ৮ বা ৯ মার্চ থেকে ধাপে ধাপে ভোট গ্রহণ শুরু করবে। এর আগেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা মাঠে নেমেছেন। বসে নেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর প্রার্থীরাও।

তবে বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের শরিকদের অনেকেই নির্বাচনে অংশ নিতে আগ্রহী। এর বাইরে জাতীয় পার্টি, বাম গণতান্ত্রিক জোট, যুক্তফ্রন্টসহ ছোট-বড় অপরাপর রাজনৈতিক দল এবং জোটও এখন উপজেলা পরিষদ নির্বাচনমুখী। সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুই মাস বিরতি দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন শুরু করতে যাচ্ছে ইলেকশন কমিশন (ইসি)। এবার ভোট হবে পাঁচটি ধাপে। এই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট হবে। ৩ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা হবে। দেশে বর্তমানে ৪৯২টি উপজেলা পরিষদ রয়েছে।

সর্বশেষ ২০১৪ সালের মার্চ-মে মাসে ছয় ধাপে এর অধিকাংশগুলোতে ভোট হয়েছিল। আইনে মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় এ নির্বাচন করতে হচ্ছে।

১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ছয় ধাপে ভোট করেছিল তৎকালীন নির্বাচন কমিশন। সেই ধারা বজায় রেখে এবার বিভাগ ওয়ারি ভোট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

নির্বাচন কমিশনের ঘোষণার পরপরই শাসক দল আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি শুরু করেছে। দলীয় প্রতীকের এ নির্বাচনে এককভাবে অংশ নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রস্তুতির অংশ হিসেবে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভাও আহ্বান করেছে আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের তিন শরিক- ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং জাতীয় পার্টি-জেপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়ে দিয়েছে। তারাও আলাদা আলাদাভাবে ভোটের প্রস্তুতি শুরু করেছে।

জানতে চাইলে এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান মঙ্গলবার   বলেন, ‘আওয়ামী লীগ বরাবরই নির্বাচনমুখী দল। আমরা উপজেলা নির্বাচনে অংশ নেব। ইতিমধ্যে পুরোদমে প্রস্তুতিও শুরু হয়েছে।’ তিনি বলেন, দলীয় প্রতীকের এ নির্বাচনে কারা আওয়ামী লীগের প্রার্থী হবেন, তা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক করবেন। আমরা মনে করি এ নির্বাচনেও দেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে থাকবেন।’

তবে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার   বলেন, বর্তমান সরকার ও সিইসির অধীনে আর কোনো নির্বাচনে যাবেন না তারা। তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, আন্দোলনের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ‘রাতের ভোটে’ জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এ কারণে আমাদের আন্দোলন অব্যাহত আছে, আন্দোলন অব্যাহত থাকবে। আওয়ামী লীগ এবং সিইসির অধীনে আর কোনো নির্বাচনে আমরা যাব না।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘দলীয় ফোরামে আলাপ-আলোচনার পাশাপাশি জোটগতভাবে বৈঠকের পর আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।’

খোঁজ নিয়ে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় ও তিক্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বিএনপির নীতিনির্ধারকরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে রাজি নন। নির্বাচনে গিয়ে তৃণমূল বিএনপি নেতাদের মামলা, হয়রানি, জেল-জুলুম, সময়, শ্রম ও টাকা-পয়সা ব্যয় করার কোনো অর্থ নেই বলে মনে করেন তারা। তবে বিএনপির নেতৃত্বাধীন দুই আলাদা জোট জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলের শরিকদের অনেকেই উপজেলা পরিষদ নির্বাচনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যুগান্তরকে বলেন, ‘অতীতেও স্থানীয় সরকারের কোনো নির্বাচন জোটগতভাবে হয়নি। এবারও সেই সম্ভাবনা নেই। আমরা যে যার মতো করে এই নির্বাচনে অংশ নেব। ইতিমধ্যে ওয়ার্কার্স পার্টি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।’

সূত্র জানায়, ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি রাজনৈতিক দল চায় নির্বাচনে অংশ নিতে। তাদের মতে, ভোট বর্জন করে সরকারি দলকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দিয়ে আগেও ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই নির্বাচন বর্জন না করে ভোটের মাঠে থাকাই উচিত। তারা বলেন, বিএনপিরও ভোটে আসা উচিত। এমনিতেই নানা সংকটে ডুবে আছে বিএনপি। উপজেলা নির্বাচন বর্জন করলে দলটির সংকট আরও বাড়বে ছাড়া কমবে না। এ অবস্থায় দল ও জোটের বৈঠকে এ নিয়ে আরও আলোচনা হওয়া উচিত। বিএনপি শেষ পর্যন্ত উপজেলা ভোট বর্জন করলেও তাদের শরিক দল জামায়াতে ইসলামীর প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হলেও ভোটের মাঠে থাকতে পারে বলে জানা গেছে।

জানতে চাইলে এ প্রসঙ্গে ২০ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক দল জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার মঙ্গলবার   বলেন, ‘আমি মনে করি, জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে সেভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না। দুটি আলাদা নির্বাচন, আলাদা প্রেক্ষাপট, আলাদা চিত্র। তাই আমার মনে হয়, উপজেলা নির্বাচনে অংশ নেয়া উচিত।’

উপজেলা নির্বাচনে অংশ নেয়া সম্পর্কে জানতে চাইলে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান শরিক দল গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু   বলেন, ‘এ বিষয়ে আমরা দলীয় ফোরামে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, বাম গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ অপরাপর রাজনৈতিক দলগুলোও এখন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে অগ্রসর হচ্ছে। জানতে চাইলে এ প্রসঙ্গে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের যুগান্তরকে বলেন, ‘উপজেলা ব্যবস্থা জাতীয় পার্টি প্রবর্তন করেছে। আমরা এই নির্বাচনে অবশ্যই অংশ নেব।’ যুক্তফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, ‘দলীয় ফোরামে বসে আমরা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করব।’